১১ জেলায় নতুন ডিসি
জনপ্রশাসনে পরিবর্তনে নতুন জেলা প্রশাসক পেয়েছে ১১টি জেলা।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই পরিবর্তনের প্রজ্ঞাপন হয়। এই জেলাগুলোতে আগের জেলা প্রশাসকদের বদলি করে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
রাজশাহীতে জেলা প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহীদুল ইসলাম। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাতকে জেলা প্রশাসকের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে খুলনায়।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে। অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তার হয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক।
সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক মো. আবু সাঈদকে জেলা প্রশাসক করে পাঠানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহমেদ জিয়াউদ্দিন রহমান পেয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসকের দায়িত্ব।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি এম সরফরাজকে হবিগঞ্জের জেলা প্রশাসক করা হয়েছে। নরসিংদীর জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়া।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায় মেহেরপুরের জেলা প্রশাসক হয়েছেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব মুহা. রাশেদুল হক প্রধান পেয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসকের দায়িত্ব।
ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মো. সানিউল ফেরদৌসকে জেলা প্রশাসক করে পাঠানো হয়েছে বান্দরবানে।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এর আগে ১৫ মার্চ গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, কুষ্টিয়া ও নেত্রকোনায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।