বিনোদন

১৩ বছর আগে ফিরলেন জোভান, কী লিখলেন তটিনী

April 25, 2026
5 hours ago
By SAJ
১৩ বছর আগে ফিরলেন জোভান, কী লিখলেন তটিনী

সময়ের আলোচিত জুটি অভিনেতা ফারহান আহমেদ জোভান ও তানজীম সাইয়ারা তটিনী। দুজনই এবার একসঙ্গে বাজিমাত করেছেন। তাঁরা সেরা অভিনেতা ও অভিনেত্রী হিসেবে পেয়েছেন মেরিল–প্রথম আলো পুরস্কার। এ পুরস্কার পেয়ে ১৩ বছর আগের ক্যারিয়ার শুরুর দিনগুলোয় ফিরে গেলেন জোভান, কী লিখলেন তটিনী?

জোভান বলেন, ‘আমার ক্যারিয়ার শুরু ১৩ বছর আগে। আমি একটু একটু করে ক্যারিয়ার গড়েছি। সেই ক্যারিয়ারে কত বছর পর এভাবে হাসলাম জানি না।’ গতকাল শুক্রবার মেরিল–প্রথম আলোর আয়োজনে স্ত্রী ও মাকে নিয়ে হাজির হয়েছিলেন এই অভিনেতা।

পুরস্কার পেয়ে পরিবারের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন জোভান। এ সময়ে তিনি আরও বলেন, ‘নাটক ইন্ডাস্ট্রিতে আমার ১৩ বছর চলছে। কত বছর অপেক্ষা এই সম্মানের জন্য। আজ আমি পপুলার ক্যাটাগরিতে সেরা অভিনেতার পুরস্কার পেলাম। ধন্যবাদ আমার দর্শক, নাটকের পরিচালক মোস্তফা কামাল রাজ ভাই।’ তিনি ‘তোমাদের গল্প’ নাটকের জন্য পুরস্কার পান।

এদিকে তানজীম সাইয়ারা তটিনী, ‘ভালো থেকো’ নাটকে অভিনয় করার জন্য পুরস্কার পেয়েছেন। এটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। তাঁর পক্ষ হয়ে পুরস্কার গ্রহণ করেন পরিচালক মোস্তফা কামাল রাজ। পরে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী।ফেসবুক স্ট্যাটাসে তটিনী লিখেছেন, ‘একটা ভালো কাজ যখন স্বীকৃতি পায়, এটা একজন শিল্পী হিসেবে আমাদের সব থেকে বড় পাওয়া। “ভালো থেকো” আমার খুব কাছের একটা কাজ। এত এত কাজের ভিড়ে আমার এই কাজটা দর্শকদের মনে যেমন জায়গা করে নিয়েছে, তেমনি জুরিবোর্ডের মাঝেও। এর থেকে বড় পাওয়া একজন শিল্পী হিসেবে আর কী হতে পারে।’

এই সময় তটিনী জানান, ছোট একটি ধারণা থেকেই এই নাটকের গল্প তৈরি হয়। নাটকটি প্রচারের পর দর্শক গ্রহণ করেন। ‘দুই লাইনের একটা ছোট্ট কনসেপ্ট থেকে বানানো কাজটা এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন নির্মাতা, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। সত্য বলতে, কিছু কাজ আজীবন রয়ে যায়। আমি বিশ্বাস করি, “ভালো থেকো” কাজটি তেমনই একটি কাজ হয়ে থাকবে।’ বলেন তটিনী।