বাংলাদেশ

১৫ আগস্টের খিচুড়ি রান্না হচ্ছে সন্দেহে ছয় রিকশাচালক আটক

August 15, 2026
1 week ago
By SAJ
১৫ আগস্টের খিচুড়ি রান্না হচ্ছে সন্দেহে ছয় রিকশাচালক আটক

ফরিদপুরে জেলা ব্যাটারিচালিত রিকশা–ভ্যান শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনের জন্য চলছিল খিচুড়ি রান্নার আয়োজন। পুলিশ ১৫ আগস্ট উপলক্ষে খিচুড়ি রান্না করা হচ্ছে সন্দেহে সেখানে হানা দিয়ে ছয়জন রিকশাচালককে আটক করেছে। গতকাল শুক্রবার দুপুর বেলা একটার দিকে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ধূলদী রেলগেট সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে।

আটক রিকশাচালকেরা হলেন মজিদ শেখ, হারুন শেখ, আনোয়ার মোল্লা, তাঁর ভাই মনোয়ার মোল্লা এবং ইউসুফ শেখ ও তাঁর ছেলে রহিম শেখ। আটক করার পর পুলিশ তাঁদের নির্দোষ দাবি করলেও আজ শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাউকে মুক্তি দেয়নি। আটক করে রাখা হয়েছে দিয়ে ফরিদপুর কোতোয়ালি থানায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, যে অভিযোগে ওই শ্রমিকদের আটক করে থানায় আনা হয়েছিল, তার সত্যতা পাওয়া যায়নি। তাঁরা সবাই নিরীহ রিকশাচালক। তাঁদের আটকে রাখার কোনো মানে নেই। তাঁদের অবিলম্বে ছেড়ে দেওয়া হবে।

জানা গেছে, প্রায় দেড় বছর আগে জেলা ব্যাটারিচালিত রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন গঠন করা হয়। বর্তমানে জেলার বিভিন্ন স্ট্যান্ডকেন্দ্রিক আঞ্চলিক শ্রমিক ইউনিয়ন কমিটির গঠনপ্রক্রিয়া চলছে। ইতিমধ্যে শহরের হাজি শরীয়তুল্লাহ বাজার, তিতুমীর বাজার, ভাসানচর, অম্বিকাপুর, আলীপুর আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ধূলদী রেলগেট বাজারসংলগ্ন কমিটি গঠন করার প্রক্রিয়া চলছিল।

এ উপলক্ষে শ্রমিকেরা খিচুড়ি রান্নার আয়োজন করেন। কোতোয়ালি থানার একদল পুলিশের সন্দেহ হয়, ওই জায়গায় ১৫ আগস্ট উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালনের জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে। পরে পুলিশ গতকাল দুপুরে ধূলদী বাজার এলাকায় হানা দিয়ে ছয়জনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে কথা হয় ফরিদপুর জেলা ব্যাটারিচালিত রিকশা–ভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ছিদ্দিকুর রহমানের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমাদের সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন নয়। আমাদের নিজেদের একাতাবদ্ধ হওয়া ও দাবিদাওয়া আদায়ের জন্য গঠিত সংগঠন। কিন্তু পুলিশ আমাদের ছয়জন রিকশাচালককে অন্যায়ভাবে আটক করে রেখেছে। পুলিশ বলেছে তারা ছেড়ে দেবে। কিন্তু এখনো আটক শ্রমিকদের ছাড়া হয়নি।’

ছিদ্দিকুর রহমান আরও বলেন, পুলিশ আসার আগেই মুরগির মাংস ভুনা করা হয়েছিল, চাল ও ডাল পরিষ্কার করা হচ্ছিল। ওই সময় পুলিশ হানা দিয়ে ভুনা মুরগির মাংস ঢেলে ফেলে দেয় এবং তেল, চাল ও ডাল নিয়ে যায়।