আন্তর্জাতিক

৩৫ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার, বহন করতে পারে পরমাণু অস্ত্র

May 12, 2026
3 weeks ago
By SAJ
৩৫ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার, বহন করতে পারে পরমাণু অস্ত্র

নতুন একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্র ৩৫ হাজার কিলোমিটার দূরত্বে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বহন করতে পারে পরমাণু অস্ত্র। ক্ষেপণাস্ত্রটির নাম ‘সারমাত’। এ ধরনের ক্ষেপণাস্ত্রকে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম বলা হয়। গতকাল মঙ্গলবার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় রাশিয়া।

নতুন ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এই ক্ষেপণাস্ত্র পশ্চিমা সামরিক বাহিনীর কাছে থাকা যেকোনো কিছুর চেয়ে চার গুণ বেশি শক্তিশালী অস্ত্র বহন করতে সক্ষম। চলতি বছরের শেষ নাগাদ সারমাত ‘যুদ্ধকালীন দায়িত্বে’ মোতায়েন করা হবে বলে জানান তিনি।

এমন সময় রাশিয়া এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল, যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পরমাণু অস্ত্র–সংক্রান্ত একটি চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। ‘নিউ স্টার্ট’ নামের ওই চুক্তির শর্ত অনুযায়ী, নিজেদের পরমাণু অস্ত্রের সংখ্যা সীমিত করার কথা ছিল ওয়াশিংটন ও মস্কোর। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এখন দুই দেশের এ–সংক্রান্ত কোনো বাধ্যবাধকতা থাকছে না।

নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর উচ্চ পর্যায়ের সামরিক সংলাপ শুরু করতে রাজি হয়েছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তবে শিগগিরই এই চুক্তির মেয়াদ বৃদ্ধির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু শক্তিধর চীনকে নিয়ে একটি নতুন চুক্তি করতে চাচ্ছেন। তবে এমন কোনো চুক্তির অংশীদার হওয়ার বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছে বেইজিং।