বিনোদন

৪০ বছরের আগের ‘মাসুম’-এর সেই শিশুটি ফিরছেন

August 10, 2026
1 week ago
By SAJ
৪০ বছরের আগের ‘মাসুম’-এর সেই শিশুটি ফিরছেন

১৯৮৩ সালে মুক্তি পায় নির্মাতা শেখর কাপুরের বিখ্যাত সিনেমা ‘মাসুম’। সম্প্রতি জানা গেছে, পরিচালক এবার আনতে চলেছেন সিনেমাটির সিক্যুয়েল। ‘মাসুম: দ্য নেক্সট জেনারেশন’ শিরোনামে আসতে যাওয়া সিক্যুয়েলটির মূল চরিত্রে আবার দেখা যাবে নাসিরুদ্দিন শাহ ও শাবানা আজমিকে।

তবে নতুন খবর হলো, মূল ছবিতে শিশুশিল্পী হিসেবে নাসিরুদ্দিন শাহর ছেলে রাহুলের চরিত্রে অভিনয় করা যুগল হংসরাজও নতুন সিনেমায় সঙ্গে যোগ দিচ্ছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শেখর কাপুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘরে ফেরার আনন্দ আছে। তবে তা কোনো ভৌগোলিক স্থানে নয়; বরং দশকের পর দশক ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকা একটি গল্পের কাছে ফেরা। আমরা যখন “মাসুম” বানিয়েছিলাম, যুগল তখন ছিল সবে এক ছোট্ট ছেলে। আর আজ একজন প্রতিষ্ঠিত অভিনেতা হিসেবে তাকে আবার স্বাগত জানানো একই সঙ্গে আবেগঘন ও তৃপ্তিদায়ক।

নাসির ও শাবানার সঙ্গে তার পুনর্মিলন আমাদের মনে করিয়ে দেয়, কিছু সম্পর্ক সিনেমার গণ্ডি ছাড়িয়ে যায়। আমরা যখন এই নতুন অধ্যায় শুরু করছি, তখন আশা করি, দর্শকেরা সেই একই সততা, কোমলতা ও আবেগের সত্যতা অনুভব করবেন, যা “মাসুম”-কে এত বছর ধরে মানুষের কাছে বিশেষ করে রেখেছে।’

শিশুশিল্পী হিসেবে ‘মাসুম’ সিনেমায় অভিনয়ের মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক ঘটে যুগল হংসরাজের। সিনেমায় তিনি রাহুল নামের একটি শিশুর চরিত্রে অভিনয় করেছিলেন। একটি পরিবারে রাহুল প্রবেশ করার পর সেখানকার পরিবেশ ও সম্পর্কের সমীকরণ পুরো বদলে যায়। সিনেমাটি মুক্তির চার দশকের বেশি সময় পর আবার নিজের প্রথম পরিচালক শেখর কাপুরের সঙ্গে কাজ করতে চলেছেন এই অভিনেতা।

‘মাসুম’-এর স্মৃতিময় অধ্যায় স্মরণ করার পাশাপাশি শেখর কাপুরের সঙ্গে আবার কাজ করার সুযোগ পেয়ে নিজের আবেগের কথাও জানিয়েছেন যুগল। তিনি বলেন, ‘শেখর যখন ফোন করে জানালেন যে তিনি নতুন “মাসুম”-এ আমাকে রাখতে চান, তখন আমি ভীষণ খুশি হয়েছিলাম। যত দিন মনে করতে পারি, “মাসুম” আমার জীবনের, আমার পরিচয়ের একটি অংশ হয়ে আছে। এত বছর পরও আমি সেই “মাসুম বয়” হিসেবেই পরিচিত। ছবিটি মুক্তির ৪০ বছরের বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু মানুষ এখনো ছবিটিকে এত ভালোবাসা ও স্নেহের সঙ্গে মনে রেখেছে! এমনকি নিউইয়র্কেও প্রায়ই মানুষ আমাকে থামিয়ে হাসিমুখে বলেন, তাঁদের সন্তান বা নাতি-নাতনিরা “লাকড়ি কি কাঠি” গানটি শোনে। তাঁরা এমনভাবে আমার সঙ্গে দেখা করেন, যেন আমি তাঁদের পরিবারেরই একজন সদস্য। আবার এই বিশেষ পরিবারের অংশ হতে পারছি বলে আমি আনন্দিত। মনে হচ্ছে, জীবন যেন পুরো বৃত্ত সম্পূর্ণ করল।’

সিক্যুয়েল সম্পর্কে‘মাসুম: দ্য নেক্সট জেনারেশন’ মূল সিনমো ‘মাসুম’-এর একটি আধ্যাত্মিক সিক্যুয়েল। ছবিটিতে সমসাময়িক পারিবারিক সম্পর্ক, পরিচয়ের সংকট এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে বদলে যাওয়া সম্পর্কের নানা দিক তুলে ধরা হবে।

নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি ও যুগল হংসরাজের পাশাপাশি ছবিতে অভিনয় করছেন মনোজ বাজপেয়ী, নিত্যা মেনন এবং শেখর কাপুরের মেয়ে কাবেরী কাপুর।অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান সিক্যুয়েলটির সহপ্রযোজক ও সংগীত পরিচালক হিসেবে যুক্ত রয়েছেন। কবে মুক্তি পাবে সিনেমাটি, তা এখনো জানানো হয়নি।