বাংলাদেশ

আ. লীগ নেতারা ভারত থেকে সহিংসতার নির্দেশনা দিচ্ছেন, গ্রেপ্তার ৪ : ডিবি

September 20, 2026
4 weeks ago
By SAJ
আ. লীগ নেতারা ভারত থেকে সহিংসতার নির্দেশনা দিচ্ছেন, গ্রেপ্তার ৪ : ডিবি

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ভারত থেকে হোয়াটসঅ্যাপ ও ভাইবারের মাধ্যমে সহিংসতার নির্দেশনা দিচ্ছেন। এ ছাড়া হুন্ডির মাধ্যমে অর্থসহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিবি।

ডিবি বলেছে, গ্রেপ্তার ব্যক্তি রাজধানীর ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ৬ নম্বর ইউনিটের দপ্তর সম্পাদক রায়হান উদ্দিন। তিনিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা হলেন রাসেল খান, আলাউদ্দিন ও আবদুল্লাহ। তাঁদের কাছ থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আজ রোববার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ডিবি। ডিবির ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মোল্লা মো. শাহীন বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ডিবি বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের ট্রাইব্যুনালে ফাঁসির আদেশে ক্ষুব্ধ হয়ে দলটির নেতারা রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতার চেষ্টা করছেন। এর ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

গতকাল শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও ডিবি জানায়।

গতকাল দুপুর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর অন্তত ৯টি জায়গায় ১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর কাফরুল থানার সামনে ফাঁকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় বিস্ফোরণে এক অটোরিকশাচালক আহত হয়েছেন।