বাংলাদেশ

আগেই পোলিং এজেন্টদের সই, প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

February 12, 2026
3 months ago
By SAJ
আগেই পোলিং এজেন্টদের সই, প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের উত্তর সাতকানিয়ার আলী আহমদ প্রাণহরি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. ফরিদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। ভোট চলাকালে ফলাফল শিটে পোলিং এজেন্টদের সই নেওয়ার অভিযোগে আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে তাঁকে প্রত্যাহার করা হয়।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। তিনি বলেন, নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশের পর পোলিং এজেন্টদের সই নেওয়ার কথা। কিন্তু সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা ভোট চলাকালে সই নিয়েছেন। এ কারণে তাঁকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

খোন্দকার মাহমুদুল হাসান জানান, ধানের শীষ, লাঙ্গল ও ছাতা প্রতীকের পোলিং এজেন্টদের সই নেওয়া হয়েছিল।

জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা মো. ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি অসুস্থ মানুষ। ভুলবশত আগেই সই নেওয়া হয়েছে। ইচ্ছাকৃতভাবে এ কাজ করিনি।’ফরিদুল আলম জানান, ওই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার। বেলা দেড়টা পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে।