অর্থনীতি

আমদানিকারকের নামে ‘জাহাজি দলিল’ ইস্যুর অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

March 17, 2026
2 months ago
By SAJ
আমদানিকারকের নামে ‘জাহাজি দলিল’ ইস্যুর অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

রপ্তানিকারকদের এক লাখ ডলার পর্যন্ত পণ্য রপ্তানির জন্য পরিবহন বা জাহাজি দলিল (শিপিং ডকুমেন্ট) সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বিশ্বব্যাপী ক্রেতাদের বাজারে ব্যবসা করা সহজ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

গতকাল সোমবার এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো রপ্তানিকারকদের বিদেশি আমদানিকারক বা অন্য অনুমোদিত পক্ষের নামে শিপিং ডকুমেন্ট প্রস্তুত করতে সুযোগ দিতে পারবে। নতুন ব্যবস্থায় রপ্তানিকারকেরা এই ডকুমেন্ট সরাসরি আমদানিকারক বা তাদের মনোনীত পক্ষের কাছে পাঠাতে পারবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, এই পদক্ষেপ রপ্তানিকারকদের আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা পূরণে সাহায্য করার জন্য নেওয়া হয়েছে। অনেক বিদেশি আমদানিকারক শিপিং ডকুমেন্ট নিজের নামে ইস্যু করাতে চান, যাতে দ্রুত পণ্য ছাড় করা যায়।

একই সঙ্গে রপ্তানি আয় সময়মতো দেশে প্রত্যাবাসনের বিষয়ে সুরক্ষামূলক ব্যবস্থা প্রজ্ঞাপনে রাখা হয়েছে। এ নিয়ে বলা হয়েছে, ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে যে সংশ্লিষ্ট শিপমেন্টের জন্য যথাযথ রপ্তানি আদেশ রয়েছে। একই সঙ্গে বিদেশি ক্রেতার যথার্থতা যাচাই করতে হবে।

কর্মকর্তারা আরও জানান, এই সিদ্ধান্ত রপ্তানিকারকদের প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে ব্যবসা আরও সহজভাবে পরিচালনা করতে সাহায্য করবে। রপ্তানিকারকদের প্রায়ই ক্রেতাদের শর্ত মানতে হয়। নতুন সুবিধা রপ্তানিকে আরও নমনীয়তা দেবে, সঙ্গে রপ্তানি আয় সময়মতো দেশে ফেরত আসার সুরক্ষাও নিশ্চিত করবে।