আমেরিকায় তিন বছরের স্নাতক: সময়-খরচ বাঁচবে, তবে প্রশ্ন মান নিয়ে
যুক্তরাষ্ট্রে প্রচলিত চার বছরের পরিবর্তে তিন বছরে স্নাতক ডিগ্রি নেওয়ার সুযোগ দ্রুত জনপ্রিয় হচ্ছে। কম ক্রেডিটের এসব কর্মসূচিতে শিক্ষার্থীরা এক বছর কম সময়ে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করতে পারছেন। এতে সময় ও শিক্ষার খরচ—দুটিই কমছে। তবে সমালোচকদের আশঙ্কা, এতে শিক্ষার পরিধি সংকুচিত হতে পারে এবং চাকরি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে তৈরি হতে পারে নানা জটিলতা।
২৬ অঙ্গরাজ্যে চালু
শিক্ষাবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান র্যান্ড (RAND)-এর তথ্য অনুযায়ী, চলতি বছরে যুক্তরাষ্ট্রের ২৬টি অঙ্গরাজ্যে অন্তত একটি কলেজে তিন বছরের স্নাতক ডিগ্রি চালু হয়েছে। মে মাস পর্যন্ত প্রকাশ্যে ঘোষিত এমন কর্মসূচির সংখ্যা ছিল ১১৯টি।
তিন বছরের ডিগ্রির শিক্ষার্থীদের একজন গাইলস সিমস। ৩৪ বছর বয়সী সিমস চাকরি পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ছিলেন, কারণ তাঁর কলেজ ডিগ্রি ছিল না। স্ত্রী ও বিধবা মাকে সহায়তা করার দায়িত্ব থাকায় চার বছর পড়াশোনার সুযোগও তাঁর জন্য কঠিন ছিল। তাই সল্ট লেক সিটির এনসাইন কলেজে তিন বছরের একটি স্নাতক কর্মসূচিতে ভর্তি হন তিনি। তাঁর মতে, চার বছর কর্মক্ষেত্রের বাইরে থাকা তাঁর পক্ষে সম্ভব ছিল না।
১২০ ক্রেডিটের বদলে ৯০
যুক্তরাষ্ট্রে প্রচলিত ব্যাচেলর ডিগ্রির জন্য সাধারণত ১২০ ক্রেডিট প্রয়োজন হয়। নতুন কর্মসূচির কিছুতে তা কমিয়ে ৯০ ক্রেডিট পর্যন্ত করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা এক বছর আগেই ডিগ্রি শেষ করতে পারছেন।
এর আগে দ্রুত ডিগ্রি শেষ করার সুযোগ থাকলেও মোট ক্রেডিট কমানো হতো না। গ্রীষ্মের ছুটি বাদ দেওয়া, ট্রান্সফার ক্রেডিট ব্যবহার কিংবা স্বল্পমেয়াদি কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা দ্রুত পড়াশোনা শেষ করতেন।
নতুন কর্মসূচিতে মূল পরিবর্তন হলো—ডিগ্রির জন্য প্রয়োজনীয় কোর্সই কমানো হচ্ছে। ব্যবসা, মার্কেটিং, ম্যানেজমেন্ট এবং কম্পিউটার ও তথ্যবিজ্ঞান বিষয়ে এমন ডিগ্রি বেশি চালু হয়েছে।
উচ্চশিক্ষা ও লাইসেন্স নিয়ে শঙ্কা
সব বিষয়ে তিন বছরের ডিগ্রি চালু করা সহজ নয়। প্রকৌশলের মতো বিষয়ে বেশি গণিত ও বাধ্যতামূলক কোর্স থাকায় ক্রেডিট কমানো কঠিন। শিক্ষকতার ক্ষেত্রেও বাস্তব অভিজ্ঞতা ও অঙ্গরাজ্যভিত্তিক লাইসেন্সের কারণে জটিলতা রয়েছে।
আরেকটি বড় প্রশ্ন গ্র্যাজুয়েট স্কুলে ভর্তি। র্যান্ডের গবেষণা বলছে, তিন বছরের ডিগ্রিধারীদের ভর্তি নিয়ে এখনো কোনো অভিন্ন নীতি তৈরি হয়নি। কিছু ক্ষেত্রে অতিরিক্ত কোর্স করতে হতে পারে।
অ্যাকাউন্টিংয়ের শিক্ষার্থী ওয়েসলি হার্ডিও এ নিয়ে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যে সিপিএ পরীক্ষায় বসতে ও লাইসেন্স পেতে নির্দিষ্ট ক্রেডিট প্রয়োজন হয়।
সমালোচকদের আপত্তি
আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রফেসরসের (AAUP) প্রেসিডেন্ট টড উলফসনের মতে, তিন বছরের ডিগ্রি উচ্চশিক্ষায় উদ্ভাবন নয়; বরং শিক্ষার পরিধি কমিয়ে দেওয়া।
তবে সমর্থকদের দাবি, অপ্রয়োজনীয় ইলেকটিভ কোর্স বাদ দিয়ে প্রয়োজনীয় বিষয়গুলোকে গুরুত্ব দেওয়াই এসব কর্মসূচির লক্ষ্য।
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার ব্যয় বাড়তে থাকায় তিন বছরের ডিগ্রি শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। তবে চাকরি, পেশাগত লাইসেন্স ও উচ্চশিক্ষায় এর গ্রহণযোগ্যতা কতটা তৈরি হবে, সেটিই এখন দেখার বিষয়।