বাংলাদেশ

বাবুগঞ্জে এবি পার্টির ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

December 10, 2025
10 months ago
By SAJ
বাবুগঞ্জে এবি পার্টির ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

বরিশালের বাবুগঞ্জে জনগণকে চাঁদাবাজ আখ্যায়িত করে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার প্রতিবাদে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় লোকজন। ‘বাবুগঞ্জ-মীরগঞ্জের সর্বস্তরের জনগণের’ ব্যানারে গতকাল বুধবার বিকেলে এ কর্মসূচি পালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রাম থেকে শুরু হওয়া মিছিলটি মীরগঞ্জ ফেরিঘাটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। পরে রাতে ওই কর্মসূচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

১ মিনিট ৩৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি ঝাড়ু হাতে আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মিছিলের সামনে ছিলেন নারীরা। তাঁদের হাতে ছিল ছাড়ু। একজন হ্যান্ডমাইকে স্লোগান দিচ্ছেন, ‘ফুয়াদের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘ফুয়াদের ঠিকানা, বাবুগঞ্জে হবে না’।

মুলাদী-বাবুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৩ আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন আসাদুজ্জামান ফুয়াদ।

৭ ডিসেম্বর বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার মধ্যবর্তী মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে গণমাধ্যমে বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে আসাদুজ্জামান বলেন, ‘মীরগঞ্জ সেতুর ঠিকাদারদের কাছে স্থানীয়রা চাঁদা দাবি করেছে।’ তাঁর এ বক্তব্যে সেখানে উপস্থিত স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা আসাদুজ্জামানের সঙ্গে বাদানুবাদে জড়ান এবং কয়েকজনকে তেড়ে আসতে দেখা যায়। পরে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ লোকজন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আসাদুজ্জামান তাঁর নেতা-কর্মীদের নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। বিএনপি নেতা-কর্মীরাও ‘ভুয়া ভুয়া’সহ বিভিন্ন উত্তেজনাকর স্লোগান দিতে দিতে তাঁকে অনুসরণ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনার পর আসাদুজ্জামানের মন্তব্যের প্রতিবাদে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ-সমাবেশ করেন। ক্ষমা না চাইলে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় আসাদুজ্জামানকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে তাঁরা ঘোষণা দেন।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘মীরগঞ্জ এলাকায় এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে স্থানীয় জনগণ একটি মিছিল করেছে। এটা আমরা জেনেছি।’

এদিকে ওই ঘটনার পর গত সোমবার বরিশাল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটিতে পৃথক সংবাদ সম্মেলন করে ঘটনার ব্যাখ্যা তুলে ধরেন আসাদুজ্জামান ফুয়াদ। সংবাদ সম্মেলনে বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের দলের একাংশের আচরণের কারণে প্রতিদিন হাজার হাজার ভোট কমছে। বাবুগঞ্জের ঘটনায় এক দিনেই ১০ লাখ ভোট কমে গেছে। এদের নিয়ন্ত্রণ করতে না পারলে আগামী নির্বাচনে বিএনপিকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।’