বাংলাদেশ

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে ‘হুমকি’

January 25, 2026
4 months ago
By SAJ
বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে ‘হুমকি’

বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) ফোন করে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার একাধিক বিদেশি নম্বর থেকে তাঁদের দাপ্তরিক হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করার পর হুমকি দেওয়া হয়।

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার ফেসবুক আইডি থেকে পুলিশ সুপারকে ফোন করে গালাগাল করে হুমকি দেওয়ার একটি ক্লিপ ছড়িয়ে পড়েছে। ভিডিওতে থাকা অডিও কথোপকথন সঠিক বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র নিশ্চিত করেছে।

অডিওতে শোনা যায়, এসপি ফোন রিসিভ করার পর থেকে অপর প্রান্ত থেকে গালাগাল করে বলা হয়, ‘এই...কী করছস, সাদ্দামের লগে কী করছস...।’ তবে পুলিশ সুপারকে কিছু বলারই সুযোগ দেওয়া হয়নি।

হুমকি দিয়ে বিভিন্ন বিদেশি নম্বর থেকে ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। তিনি বলেন, তিনি কিছু ফোন কল পেয়েছেন। কারা এগুলো করছে, তা খতিয়ে দেওয়া হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজ রোববার সকাল থেকে বিভিন্ন নম্বর থেকে হুমকি দিয়ে ফোন কল পেয়েছেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেনও। তিনি বলেন, ‘এটা অনভিপ্রেত। আমি এটা নিয়ে মোটেই বিচলিত নই। যে প্রসঙ্গ নিয়ে এমন করা হচ্ছে, সেখানে প্রশাসন সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে তাদের পাশে ছিল। যেই হন, কিছু বট নম্বর দিয়ে হয়তো এমন করা হয়েছে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিষয়টি নিয়ে বাগেরহাটের পুলিশ ও প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে প্রথম আলোর। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত হুমকিসহ ফোন কলের বিষয়গুলোতে থানায় কোনো মামলা বা জিডি করার তথ্য পাওয়া যায়নি। এ ধরনের ঘটনা ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘বিব্রতকর’ বলেও উল্লেখ করেন কয়েকজন। তাঁরা বলছেন, দুঃখজনক ও হৃদয়বিদারক একটি ঘটনাকে পুঁজি করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে ঘৃণা ও বিদ্বেষ জড়ানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকা প্রয়োজন।