অর্থনীতি

বাইক, অটোরিকশা ও সম্পদে কর আরোপের পরিকল্পনা থেকে সরে আসছে সরকার

June 5, 2026
16 hours ago
By SAJ
বাইক, অটোরিকশা ও সম্পদে কর আরোপের পরিকল্পনা থেকে সরে আসছে সরকার

রাজস্ব আয় বাড়াতে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেল ও অটোরিকশার ওপর অগ্রিম আয়কর বসানোর চিন্তা করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিত্তশালী ব্যক্তিদের ওপরও সংস্থাটি সম্পদ কর আরোপের পরিকল্পনা হাতে নিয়েছিল সংস্থাটি; কিন্তু সরকারের সর্বোচ্চ মহল থেকে সবুজসংকেত না পাওয়ায় আপাতত এসব কর আরোপের চিন্তা থেকে পিছু হটেছে এনবিআর।

অর্থ মন্ত্রণালয় ও এনবিআর সূত্রে জানা গেছে, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাজেট নিয়ে দ্বিতীয় দফায় বৈঠক করেন। ওই বৈঠকে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের কথা চিন্তা করে কিছু নির্দেশনা দেন। সে অনুযায়ী এনবিআর বাইক (মোটরসাইকেল) ও অটোরিকশার ওপর অগ্রিম আয়কর আরোপসহ বেশ কয়েকটি প্রস্তাবিত পদক্ষেপ থেকে সরে আসে।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআর–সংশ্লিষ্ট একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘আমরা করের আওতা বাড়ানোর জন্য কিছু পদক্ষেপ নিয়ে অগ্রসর হচ্ছিলাম; কিন্তু সরকারের সবুজসংকেত না পাওয়ায় শেষ মুহূর্তে এসব করারোপের চিন্তা বাদ দিতে হচ্ছে। তাই বাজেট প্রস্তাব অনুযায়ী কর আদায়ে জোর দেওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ, এবার করহার সেভাবে বাড়ছে না।’

ব্যক্তি পর্যায়ের ব্যবসা–বাণিজ্য সহজ করার জন্য সরকার সর্বোচ্চ নজর দিচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

নতুন বাজেটে ৪ কোটি টাকা পর্যন্ত নিট সম্পদকে করছাড় দিয়ে ৪ কোটি টাকার বেশি সম্পদ থাকলে দশমিক ২৫ থেকে ২ শতাংশ পর্যন্ত সম্পদ কর আরোপের পরিকল্পনা করেছিল এনবিআর।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, দায়িত্ব গ্রহণের প্রথম বছরে জনগণের ওপর করের বোঝা বাড়ানোর পক্ষে নয় সরকার। তাই ভ্যাটসহ বিভিন্ন ধরনের করারোপের প্রস্তাবগুলো বাদ দেওয়া হচ্ছে।

বাইক-অটোরিকশায় কর

বাজেটে ব্যাটারিচালিত অটোরিকশাকে প্রথমবারের মতো অগ্রিম আয়করের আওতায় আনার পরিকল্পনা করেছিল এনবিআর। গ্রাম-শহর ভিত্তিতে করের হার এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা নির্ধারণের চিন্তা ছিল এনবিআরের। তাতে এ খাত থেকে হাজার কোটি টাকার কর আদায়ের সম্ভাবনা ছিল।

একইভাবে মোটরসাইকেলের মালিকদের কাছ থেকেও অগ্রিম আয়কর নেওয়ার চিন্তা করেছিল এনবিআর। সংস্থাটির প্রাথমিক প্রস্তাবে ১১১ থেকে ১২৫ সিসির মোটরসাইকেলের জন্য বছরে ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির জন্য ৫ হাজার টাকা ও ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা ছিল; কিন্তু নতুন এ প্রস্তাব নিয়ে বাইকাররা আন্দোলনে নামেন। তাঁরা এনবিআরের সামনে মানববন্ধন করেন। তরুণ বাইকাররা সেখানে জড়ো হয়। ফলে বাইকের ওপর করের বোঝা চাপানোর সিদ্ধান্ত থেকে পিছু হটে সরকার।

ন্যূনতম কর সমন্বয়

‘ন্যূনতম কর’ আদায় করা হলেও পরে তা ফেরত না দেওয়া কিংবা সমন্বয় করা হয় না বলে ব্যবসায়ীদের অভিযোগ ছিল। তাই ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে ন্যূনতম কর ও উৎসে কর (টিডিএস) ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে এনবিআর। নতুন নিয়মে উৎসে কাটা কর আর চূড়ান্ত ন্যূনতম কর হিসেবে আটকে থাকবে না। বছর শেষে প্রকৃত করদায়ের সঙ্গে তা সমন্বয়ের সুযোগ পাবেন করদাতারা। অতিরিক্ত কর কাটা হলে তা পরবর্তী বছরে সমন্বয় করা হবে বা আবেদন করলে তিন মাসের মধ্যে ফেরত পাওয়া যাবে।

বর্তমানে উৎসে কাটা কর অনেক ক্ষেত্রে প্রকৃত করদায়ের চেয়ে বেশি হলেও তা ফেরত বা সমন্বয়ের সুযোগ নেই। এতে কম মুনাফার প্রতিষ্ঠানগুলোকেও অতিরিক্ত করের চাপ নিতে হয়। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এনবিআর এ পরিবর্তনের উদ্যোগ নিয়েছে।

উৎসে কর সমন্বয়ের নতুন ব্যবস্থা ই-টিডিএস বা ডিজিটাল–পদ্ধতিতে পরিচালিত হবে। এতে রপ্তানিমুখী শিল্প, আমদানিকারক, সরবরাহকারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি সুবিধা পাবে বলে জানিয়েছে এনবিআর। দীর্ঘদিন ধরে ন্যূনতম এই কর ফেরত না দেওয়া নিয়ে অভিযোগ করে আসছিলেন ব্যবসায়ীরা।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ১১ জুন জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পেশ করবেন। এবারে বাজেটের আকার হতে পারে প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের তুলনায় ১ লাখ ৪০ হাজার কোটি টাকা বেশি। চলতি অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। নতুন বাজেটে বিপুল অর্থের জোগান নিশ্চিত করতে কর ও ভ্যাট আদায়ে বড় ধরনের সংস্কার এবং করজাল সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আগামী অর্থবছরে এনবিআরের মোট রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।