খেলা

বাংলাদেশকে ভুল পথে পরিচালিত করেছে পাকিস্তান, দাবি সাবেক ভারতীয় ক্রিকেটারের

January 25, 2026
4 months ago
By SAJ
বাংলাদেশকে ভুল পথে পরিচালিত করেছে পাকিস্তান, দাবি সাবেক ভারতীয় ক্রিকেটারের

বাংলাদেশকে ভুল পথে পরিচালিত করেছে পাকিস্তান, দাবি ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডারের   টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত এবং এর জের ধরে আইসিসির কঠোর পদক্ষেপ নিয়ে ক্রিকেট-বিশ্বে আলোচনা থামছেই না। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তকে শতভাগ সঠিক বলে মনে করছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার মদন লাল। বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, একটি ভুলের কারণে বাংলাদেশের ক্রিকেটে যে দীর্ঘমেয়াদি ক্ষতি হলো, তা কাটিয়ে ওঠা কঠিন হবে।

মদন লাল মনে করেন, বাংলাদেশের মতো একটি দলের জন্য বিশ্বকাপের মতো মঞ্চ বর্জন করা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হয়নি। তিনি বলেন, ‘বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না গিয়ে অনেক বড় ভুল করেছে। আপনি যদি এত বড় একটি ইভেন্ট মিস করেন, তবে আইসিসি কোনো না কোনো অবস্থান তো নেবেই। তারা বাংলাদেশকে বাদ দিয়ে একদম সঠিক কাজ করেছে।’

 তাঁর মতে, এই সিদ্ধান্তের প্রভাব কেবল এই বিশ্বকাপেই সীমাবদ্ধ থাকবে না। পরবর্তী আসরগুলোতেও বাংলাদেশকে বড় ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে। ১৯৮৩ বিশ্বকাপজয়ী এই সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘এটি বাংলাদেশের ক্রিকেট বোর্ডকেও মারাত্মকভাবে প্রভাবিত করবে। কারণ, আইসিসি যদি আগামী বিশ্বকাপেও তাদের খেলতে না দেয়, তবে বাংলাদেশ বোর্ড সম্ভবত আর ঘুরে দাঁড়াতে পারবে না। এটি একটি বিশাল ক্ষতি এবং বর্তমান সময়ে খেলাধুলা মূলত বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকেই পরিচালিত হয়।’

আইসিসির বোর্ড সভায় ভোটাভুটির প্রসঙ্গ টেনে মদন লাল দাবি করেন, বিসিবির কূটনৈতিক ব্যর্থতা এখানে স্পষ্ট। তাঁর কথা, ‘যদি আপনাদের সিদ্ধান্ত নিতেই হতো, তবে তা অনেক ভেবেচিন্তে নেওয়া উচিত ছিল। ১৪টি ভোটের বিপরীতে আপনাদের পক্ষে মাত্র দুটি ভোট পড়েছে। মিটিংয়ের আগেই আপনাদের কিছুটা ধারণা নেওয়া উচিত ছিল যে আপনারা কতগুলো ভোট পাবেন। অন্তত ৫-১০টি ভোট পেলেও নাহয় একটি কথা ছিল।’  

সাক্ষাৎকারে একটি চাঞ্চল্যকর মন্তব্যও করেছেন মদনলাল। তাঁর ধারণা, বাংলাদেশ সম্ভবত পাকিস্তানের প্ররোচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে। মদন লাল বলেন, ‘আমার মনে হয় এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল হলো যে পাকিস্তানও তাদের কিছুটা ভুল পথে পরিচালিত করেছে। কারণ দেখুন, পাকিস্তান নিজে তো বিশ্বকাপ খেলছে, কিন্তু বাংলাদেশ খেলছে না।’

নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর আবেদন করলেও আইসিসি তা নাকচ করে দেয়। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার চূড়ান্ত ঘোষণা আসে শনিবার।