শিক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ কীভাবে, সেই পরিপত্র জারি, ক্ষমতা হারাল পরিচালনা পর্ষদ

January 29, 2026
2 months ago
By SAJ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ কীভাবে, সেই পরিপত্র জারি, ক্ষমতা হারাল পরিচালনা পর্ষদ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার, সহকারী সুপার পদে নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) দেবে। এ–সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে সরকার।

পরিপত্র অনুযায়ী, প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ কার্যক্রমে প্রার্থীদের লিখিত, বাছাই ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত, বাছাই পরীক্ষায় ৮০ নম্বর, শিক্ষাগত যোগ্যতা সনদে ১২ নম্বর, মৌখিক পরীক্ষায় ৮ নম্বর থাকবে। এ পরীক্ষার পাস নম্বর হবে মোট নম্বরের অন্যূন ৪০ শতাংশ।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫-এর ধারা ৮(ট)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ দায়িত্ব এনটিআরসিএকে অর্পণ করা হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ সুপারিশে এ পদ্ধতি প্রযোজ্য হবে।

পরিপত্রে বলা হয়েছে, সংশ্লিষ্ট তিন অধিদপ্তর—মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর—প্রতিবছর অন্তত একবার বা সরকার নির্ধারিত সময়ে শূন্য পদের চাহিদা এনটিআরসিএর কাছে পাঠাবে। সর্বশেষ জারিকৃত জনবল–কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী এ চাহিদা পাঠাতে হবে।

সহকারী শিক্ষক নিয়োগ হয় এনটিআরসিএর অধীন পরীক্ষা ও সুপারিশের ভিত্তিতে। তবে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক এবং কর্মচারী পদে নিয়োগ হয়ে আসছিল পরিচালনা কমিটির মাধ্যমে। এসব পদে নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে নানা সময়ে।

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে এত দিন ধরে চলা নিয়মও পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়মে এ নিয়োগে পরিচালনা পর্ষদের ক্ষমতা থাকছে না। জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে গঠিত একটি কমিটির মাধ্যমে এসব পদে নিয়োগে পরীক্ষা, মূল্যায়ন ও নিয়োগের জন্য সুপারিশ করা হবে। এ কমিটিতে পরিচালনা পর্ষদের কেউ থাকতে পারবেন না।

*পরিপত্র দেখুন এখানে