বিনোদন

বিজয়ের শেষ ছবির এইচডি প্রিন্ট ফাঁস, বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

April 17, 2026
12 hours ago
By SAJ
বিজয়ের শেষ ছবির এইচডি প্রিন্ট ফাঁস, বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের আলোচিত সিনেমা ‘জন নায়গন’ মুক্তির আগেই বড় ধাক্কা খেয়েছে। প্রথমে কিছু দৃশ্য ও গানের অংশ ফাঁস হওয়ার পর অল্প সময়ের মধ্যেই পুরো ছবির এইচডি সংস্করণ অনলাইনে ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর তাতে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রযোজকদের অভিযোগের ভিত্তিতে প্রথমে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এবার আরও তিনজনকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম উইং। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৯ জনকে আটক করা হয়েছে।

সাইবার ক্রাইম উইং জানিয়েছে, নতুন করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ছবিটি সংগ্রহ ও অনলাইনে ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত। তদন্তে উঠে এসেছে, পুরো ঘটনার মূল হোতা একজন ফ্রিল্যান্স অ্যাসিস্ট্যান্ট এডিটর। তিনি অন্য একটি ছবির কাজে যুক্ত ছিলেন। তিনি এডিটিং স্টুডিও থেকে অবৈধভাবে ‘জন নায়গন’–এর রিলসে প্রবেশাধিকার পান এবং সেখান থেকে ফুটেজ চুরি করেন।

পরে সেই চুরি করা ডেটা থেকেই সিনেমাটির পূর্ণাঙ্গ সংস্করণ তৈরি করা হয় এবং সহ–অভিযুক্ত ব্যক্তিদের মাধ্যমে তা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, ইউটিউবসহ একাধিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে ছবিটির পাইরেটেড কপি।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে হাজির করা হয়েছে এবং তাঁদের জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এর আগে নির্মাতারা এক বিবৃতিতে সতর্ক করে বলেন, ছবিটির কোনো অংশ ডাউনলোড, শেয়ার, আপলোড বা সংরক্ষণ করা গুরুতর অপরাধ এবং কপিরাইট লঙ্ঘন। এ ধরনের কাজে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

৪০০ থেকে ৫০০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত ‘জন নায়গন’ শুরু থেকেই আলোচনায় ছিল, বিশেষ করে এটি বিজয়ের শেষ চলচ্চিত্র হতে যাচ্ছে। এ কারণেই আগ্রহ ছিল তুঙ্গে। তবে পাইরেসির এই বড় ধাক্কা ও সেন্সর–সংক্রান্ত জটিলতার মধ্যে ছবিটির মুক্তি এখনো অনিশ্চিত রয়ে গেছে।

পিঙ্কভিলা অবলম্বনে