বাংলাদেশ

বিস্ফোরক মামলায় কারাগারে থাকা ৭০ বছর বয়সী আওয়ামী লীগ নেতার মৃত্যু

January 31, 2026
4 months ago
By SAJ
বিস্ফোরক মামলায় কারাগারে থাকা ৭০ বছর বয়সী আওয়ামী লীগ নেতার মৃত্যু

চট্টগ্রামে বিস্ফোরক মামলায় জেলহাজতে থাকা ৭০ বছর বয়সী এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তাঁর নাম আবদুর রহমান মিয়া। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আবদুর রহমান মিয়ার বাড়ি চট্টগ্রাম নগরের আগ্রাবাদে। তিনি আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের সহসভাপতি ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে কোতোয়ালি থানায় হওয়া একটি মামলায় কারা হাজতে ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যানসারসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন আবদুর রহমান।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত বছর নভেম্বরে কোতোয়ালি থানায় হওয়া বিস্ফোরক আইন ও বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় আবদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

চট্টগ্রাম কারাগার সূত্রে জানা গেছে, আবদুর রহমান মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে গত বছরের ২৪ ডিসেম্বর তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে পাঠানো হয়। ১৮ জানুয়ারি তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলে আবার কারা হাজতে নেওয়া হয়েছিল। এরপর গত সোমবার তাঁকে আবারও হাসপাতালের প্রিজন সেলে আনা হয়। সেখানে আজ তাঁর মৃত্যু হয়েছে।

হাসপাতালের ছাড়পত্র অনুযায়ী, আবদুর রহমানের ফুসফুসের ক্যানসার মস্তিষ্কে ছড়িয়ে পড়েছিল। পাশাপাশি উচ্চ রক্তচাপসহ একাধিক জটিল রোগ ধরা পড়ে তাঁর। জানতে চাইলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ বলেন, ওই হাজতি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। কোতোয়ালি থানার একটি মামলায় তিনি কারাগারে আসেন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এরই মধ্যে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।