বাংলাদেশ

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, পিস্তল-হ্যান্ডকাফসহ গ্রেপ্তার ৫

September 3, 2026
1 month ago
By SAJ
ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, পিস্তল-হ্যান্ডকাফসহ গ্রেপ্তার ৫

একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ওয়াকিটকি ও বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত এক জোড়া হ্যান্ডকাফ। সঙ্গে এক রোল কালো স্কচটেপ, একটি শপিং ব্যাগ ও একটি হাইয়েস মাইক্রোবাস। এসব সরঞ্জাম নিয়ে বনানীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন পাঁচজন।

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার একজন বর্তমানে র‍্যাবে কর্মরত।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিটে বনানী থানাধীন ‘এ’ ব্লকের ৪ নম্বর রোডের খায়ের প্যালেসের সামনে এ অভিযান চালানো হয়। প্রায় ৪৫ সদস্যের সমন্বয়ে পরিচালিত অভিযানে গ্রেপ্তার করা হয় মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদলকে (৪২)।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মাসুদ রানা র‍্যাবের সৈনিক। তিনি র‍্যাব সদর দপ্তরের ডগ স্কোয়াড বিভাগে কর্মরত।

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। এই বিষয়টি আজকে সকালেই ঘটেছে এবং সাথে সাথে ডিবি কর্তৃক তাঁকে (মাসুদ রানা) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ করে তাঁকে র‍্যাব কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়েছে।’

ইন্তেখাব চৌধুরী আরও বলেন, এ বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে একজন মেজরের নেতৃত্বে একটি তদন্ত পর্ষদ গঠন করা হয়েছে। তিনি অনুসন্ধান করে দেখবেন। ঘটনার সত্যতা পাওয়া গেলে অবশ্যই যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে।

রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বনানী থানায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাঁরা কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত কি না, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং তাঁরা আগে কোনো অপরাধে যুক্ত ছিলেন কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।