বাংলাদেশ

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

April 17, 2026
11 hours ago
By SAJ
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি দুই শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব ১৬ এপ্রিল সকাল আটটা থেকে আজ ১৭ এপ্রিল সকাল আটটা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১২৭ শিশুর।

গত ২৪ ঘণ্টায় হামে যে তিন শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুই শিশু বরিশাল বিভাগের বরগুনা জেলার। আর একটি ঢাকা বিভাগের। হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া দুই শিশুই ঢাকা বিভাগের। এই সময়ে সর্বোচ্চ ১২০ শিশুর হাম শনাক্ত হয় ঢাকা বিভাগে। ৫ শিশুর হাম শনাক্ত হয় রাজশাহী বিভাগে। বরিশাল ও খুলনায় একটি করে শিশুর হাম শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১১৫ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা যায়। এর মধ্যে ৫১৫ জনই ঢাকা বিভাগের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬৯ শিশু। এর মধ্যে ঢাকা বিভাগে ৩৫৭ শিশু ভর্তি হয়। সবচেয়ে কম ৪ শিশু ভর্তি হয় রংপুর বিভাগে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৭৪৭ শিশু গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৩১৩ শিশু, খুলনা বিভাগে ১১৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩৭ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৭৪ শিশুর। একই সময়ে হামের উপসর্গ থাকা রোগীর মোট সংখ্যা ২১ হাজার ৪৬৭। এর মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৩ হাজার ৮৯৮। তাদের মধ্যে ৩ হাজার ১৯২ জনের হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ১১ হাজার ২৪৩।