বাংলাদেশ

ঢাকার ৬ স্থানে আজ সকালে ব্যাপক দূষণ, পুরো নগরীর বায়ু খুব অস্বাস্থ্যকর

January 27, 2026
2 months ago
By SAJ
ঢাকার ৬ স্থানে আজ সকালে ব্যাপক দূষণ, পুরো নগরীর বায়ু খুব অস্বাস্থ্যকর

বায়ুদুষণে বিশ্বের ১২৪টি নগরীর মধ্যে আজ মঙ্গলবার সকালে ঢাকার অবস্থান তৃতীয়। ঢাকার বায়ুর মান আজ সকাল পৌনে ৯টার দিকে ঢাকার স্কোর ২২৫। এই মান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এ সময়ে ঢাকার ৬টি স্থানের বায়ুদূষণ পরিস্থিতি খুবই খারাপ।

তিন সপ্তাহ ধরে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে প্রথম দিকে থাকছে ঢাকা। আজও এর ব্যতিক্রম হয়নি।

বায়ুদূষণের এই পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে। আজ ঢাকার বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে বেশ কিছু পরামর্শও দিয়েছে আইকিউ এয়ার।

বায়ুদূষণে আজ দ্বিতীয় স্থানে আছে ভারতের রাজধানী দিল্লি। এই নগরীর স্কোর ৩১৪।

ঢাকার বায়ুদূষণ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না; বরং তা দিন দিন বাড়ছে। গত ডিসেম্বর পুরোটাই, আর জানুয়ারির প্রায় প্রতিদিন বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর নগরীগুলোর মধ্যে থাকছে ঢাকা।

বায়ুদূষণের মাত্রা ২০০-এর বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০০ হয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য হয়।

দেশের সর্বত্রই বায়ুদূষণ বাড়ছে; বরং কিছু ক্ষেত্রে আজকাল ঢাকার বাইরের অন্যান্য এলাকায় বায়ুদূষণের মাত্রা অনেক বেশি থাকছে।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম আছে, তা মূলত ঢাকাকেন্দ্রিক। তবে এসব কার্যক্রমের তেমন কোনো ফলাফল নেই।

ঢাকার ৬ স্থানে বায়ুর মান খুব খারাপ

আজ সকালে ঢাকার ৬টি স্থানের বায়ুর মান খুব খারাপ। স্থানগুলো হলো নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড (২৮৮), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৭৪), ধানমন্ডি (২৫৮), দক্ষিণ পল্লবী (২৪৫),বেচারাম দেউড়ী (২৩৫) এবং বে’জ এইজ ওয়াটার (২১৫)।দেশে বায়ুদূষণ মোকাবিলায় বিভিন্ন সময় প্রকল্প নেওয়া হয়েছে। এখনো নানা উদ্যোগ-কথাবার্তা শোনা যায়। কিন্তু বায়ুদূষণ পরিস্থিতি দিন দিন খারাপই হচ্ছে।

সুরক্ষায় নগরবাসী যা করবেন

আইকিউ এয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।