বাংলাদেশ

ঢাকার তিন স্থানে আজও অবরোধের কর্মসূচি

January 15, 2026
3 months ago
By SAJ
ঢাকার তিন স্থানে আজও অবরোধের কর্মসূচি

ঢাকার বড় সাতটি কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আজ বৃহস্পতিবারও অবরোধ কর্মসূচি পালন করবেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ব্যানারে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়ে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।

আজকের এই কর্মসূচির কথা গতকাল বুধবার প্রথম আলোকে জানান আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের একজন নাঈম হাওলাদার।

পূর্বঘোষণা অনুযায়ী, গতকাল বুধবার সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় ও পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেন কলেজগুলোর অনেক শিক্ষার্থী। এ ছাড়া অল্প সময়ের জন্য মহাখালীতেও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

রাজধানীর এই গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী-চালকেরা।

গতকাল বেলা একটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর এলাকার টেকনিক্যাল মোড়ে অবরোধ শুরু হয়। পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ করা হয় দুপুর পৌনে ১২টায়। এ ছাড়া বেলা একটার দিকে তিতুমীর কলেজের কিছু শিক্ষার্থী মহাখালী এলাকায় ১০ মিনিট সড়ক অবরোধ করেন।

বেলা সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড় ছাড়েন। আর বেলা সোয়া তিনটার দিকে শিক্ষার্থীরা তাঁতীবাজার মোড় থেকে চলে যান। অন্যদিকে বিকেল ৫টা ৪০ মিনিটে সায়েন্স ল্যাব মোড় ছেড়ে যান শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, আজ উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়া গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খসড়াটি দ্রুত সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে (আইনি যাচাই) উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

২০১৭ সালে প্রস্তুতি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তির পর থেকেই সাত কলেজ নিয়ে সংকট চলছে। এই সাত কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।

সংকট সমাধানের লক্ষ্যে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ করার উদ্যোগ নেওয়া হলেও প্রথম খসড়া নিয়ে আন্দোলন হয়।

সম্প্রতি পরিমার্জিত খসড়ায় বলা হয়েছে, কলেজগুলোর নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখে অনেকটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতোই নতুন এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘সংযুক্ত’ থেকে কার্যক্রম চালাবে।