বাংলাদেশ

ঢামেকের নতুন ভবনের আটতলা থেকে লাফিয়ে পড়ে নারীর মৃত্যু

July 31, 2026
2 months ago
By SAJ
ঢামেকের নতুন ভবনের আটতলা থেকে লাফিয়ে পড়ে নারীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলার বারান্দা থেকে লাফিয়ে পড়ে রিয়া বেগম (২০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, মেডিসিন বিভাগের ৮০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন রিয়া। গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনি ওয়ার্ডের বারান্দা থেকে লাফ দেন। তিনি নিচে একটি গাড়ির ওপর পড়েন। রক্তাক্ত অবস্থায় অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে পরীক্ষা–নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রিয়ার বাড়ি পাবনা সদর উপজেলার ভাদুরডাঙ্গি গ্রামে। বাবা কৃষক লতিফ মল্লিক। রিয়ার স্বামী আল আমিন, তিনি সিঙ্গাপুরপ্রবাসী।

পরিবারের ভাষ্য, রিয়া মানসিক সমস্যায় ভুগছিলেন। ১০ দিন ধরে তাঁর আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা যাচ্ছিল।

বাবা লতিফ মল্লিক প্রথম আলোকে বলেন, জিহ্বায় ঘাসহ অন্যান্য শারীরিক সমস্যার কারণে রিয়াকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। গতকাল গভীর রাতে পাশের রোগীর স্বজনেরা তাঁকে ডেকে বলেন, তাঁর মেয়ে বারান্দার দিকে যাচ্ছে। তিনি দ্রুত ছুটে যান। কিন্তু ততক্ষণে রিয়া নিচে লাফিয়ে পড়েন।

বছর কয়েক আগে প্রবাসী আল আমিনের সঙ্গে মুঠোফোনে রিয়ার বিয়ে হয়েছিল বলে জানান লতিফ মল্লিক। তিনি বলেন, ১০ দিন ধরে রিয়ার আচরণ খুবই অস্বাভাবিক হয়ে উঠেছিল। তিনি কখনো অকারণে হাসতেন, কখনো অসংলগ্ন কথা বলতেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, রিয়ার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানাকে জানানো হয়েছে।