বাংলাদেশ

এ হামলা সংবাদমাধ্যমের স্বাধীনতায় ও জনগণের জানার অধিকারে সরাসরি আঘাত

December 19, 2025
3 months ago
By SAJ
এ হামলা সংবাদমাধ্যমের স্বাধীনতায় ও জনগণের জানার অধিকারে সরাসরি আঘাত

‘সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো’র ওপর গতকাল বৃহস্পতিবার রাতে হামলা চালানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন ইন বাংলাদেশ। আজ শুক্রবার এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে তারা।

মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি) সদস্যরাষ্ট্রগুলোর কূটনৈতিক মিশন যেসব দেশে রয়েছে, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও অগ্রসর করার জন্য বিভিন্ন সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম। এমএফসি ২০১৯ সালের জুলাইয়ে গ্লোবাল কনফারেন্স ফর মিডিয়া ফ্রিডমে প্রতিষ্ঠিত হয়। ছয়টি মহাদেশের ৫০টির বেশি দেশ ওই কোয়ালিশনের সঙ্গে রয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এ ধরনের সহিংসতা ও ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব হামলা সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারকে সরাসরি আঘাত করে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা সব গণমাধ্যমকর্মীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে দ্রুত, নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার দাবি জানাই। সাংবাদিকদের ভয়মুক্ত পরিবেশে কাজ করার সুযোগ থাকতে হবে।’

আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটি উন্মুক্ত ও সচেতন সমাজ সমুন্নত রাখতে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলেও জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন ইন বাংলাদেশ।