খেলা

এই দল কখনো হার মানে না, বললেন স্কালোনি

July 4, 2026
1 month ago
By SAJ
এই দল কখনো হার মানে না, বললেন স্কালোনি

কেপ ভার্দের বিপক্ষে ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা দল যে চাপ, উৎকণ্ঠা ও আবেগের মধ্য দিয়ে গেছে, তারই প্রতিফলন দেখা গেছে ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনির কথায়।

শেষ বাঁশি বাজার পর স্পষ্টতই আবেগাপ্লুত ছিলেন স্কালোনি। ম্যাচ শেষে তাঁর কণ্ঠে তখনো ছিল উত্তেজনার রেশ। আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে হৃদয়ছোঁয়া প্রতিক্রিয়াগুলোর একটি জানিয়ে তিনি বললেন, ‘এই দল কখনোই হার মানে না।’ এরপর স্বস্তি আর আবেগমেশানো কণ্ঠে যোগ করেন, ‘আমার ১০০তম ম্যাচে হারলে সেটা কেমন যেন হতো। কিন্তু এটাই তো ফুটবল।’

এরপর স্কালোনি আরও যোগ করেন, ‘এটি ভীষণ কঠিন একটি ম্যাচ ছিল। তবে সব সময় ইতিবাচক দিকগুলোও দেখতে হয়। এই দল কখনো হার মানে না। প্রতিপক্ষকেও অভিনন্দন জানাই। যখন বলা হয়, বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, আজ তারা সেটাই প্রমাণ করেছে। তারা সত্যিই দুর্দান্ত একটি দল।’

আবেগের প্রসঙ্গ পেছনে রেখে খেলার বিশ্লেষণে স্কালোনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন দলের শারীরিক পরিশ্রম, সবার সম্মিলিত অবদান এবং প্রতিকূল পরিস্থিতিতেও এগিয়ে যাওয়ার মানসিকতাকে, ‘সবাই নিজের সর্বোচ্চটা দিয়েছে। শারীরিকভাবে আমরা দারুণ পরিশ্রম করেছি এবং কঠিন পরিস্থিতির মধ্যেও সামনে এগিয়ে যাওয়ার সাহস দেখিয়েছি।’

এরপর আর্জেন্টিনা দলের লড়াকু মানসিকতার কথা তুলে ধরে স্কালোনি বলেন, ‘এটাই আর্জেন্টিনা। যারা এই দলকে বোঝে না, তাদের জন্য বিষয়টি বোঝা কঠিন। আমরা আর্জেন্টাইনরা জানি, এই পথ মোটেও সহজ নয়।’