খেলা

এক দিনে হারল মোস্তাফিজের তিন দল

April 18, 2026
4 months ago
By SAJ
এক দিনে হারল মোস্তাফিজের তিন দল

মোস্তাফিজুর রহমানের দিনটা গতকাল ভালো যায়নি! না, বল হাতে মার খাননি, দলকেও ডোবাননি। মোস্তাফিজ গতকাল ছিলেন দর্শক হয়ে। আর দর্শক হিসেবেই গতকাল নিজের তিন দলের হার দেখেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

মোস্তাফিজের কাল খেলার কথা ছিল বাংলাদেশের হয়ে। তবে ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করায় শেষ মুহূর্তে ছিটকে যান। তাঁর জায়গায় খেলানো হয় আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে।

শরীফুলরা তাঁদের কাজটা ঠিকঠাক করলেও ব্যাটিং–ব্যর্থতায় বাংলাদেশ এই ম্যাচে হেরে গেছে ২৬ রানে। ড্রেসিংরুমে বসে ২৪৭ রান তাড়ায় ২২১ রানেই দলের গুটিয়ে যাওয়া দেখেছেন মোস্তাফিজ।

কাল পাকিস্তান সুপার লিগেও হেরেছেন মোস্তাফিজ। এই লিগে এবার তিনি খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে। নিউজিল্যান্ডের জন্য বাংলাদেশ দলে যোগ দেওয়ার আগে দলটির হয়ে ৫ ম্যাচে নেন ৬ উইকেট। গতকাল তাঁর দল লাহোর কালান্দার্স কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কাছে হেরেছে ৬ উইকেটে। এখানেও দায়টা ব্যাটসম্যানদেরই। লাহোর কাল মাত্র ১৩৪ রানেই গুটিয়ে গিয়েছিল, সেই রান কোয়েটা তাড়া করেছে মাত্র ১৬.১ ওভারে।

হেরেছে মোস্তাফিজের আরও একটি দল। অবশ্য এই গল্পটা একটু আলাদা। মোস্তাফিজের এই দলটির হয়ে এবার খেলার সুযোগ ছিল না। বলা হচ্ছে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের কথা। সর্বশেষ নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছিল কলকাতা। কিন্তু ভারতের উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা। এই দলটাকে মোস্তাফিজের দল হিসেবে বিবেচনা করলে এখানেও কাল তিনি হেরেছেন।

গতকাল কলকাতা হেরেছে গুজরাট টাইটানসের বিপক্ষে। কলকাতার করা ১৮০ রান গুজরাট ১৯.৪ ওভারেই তাড়া করে। এই মৌসুমে হার অবশ্য কলকাতার জন্য নতুন নয়—এখন পর্যন্ত ৬ ম্যাচের ৫টিতেই হেরেছে তারা, অন্য ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে।