অর্থনীতি

এক দিনের ব্যবধানে সোনার দাম কমল ভরিতে ৩,২৬৬ টাকা

August 7, 2026
2 weeks ago
By SAJ
এক দিনের ব্যবধানে সোনার দাম কমল ভরিতে ৩,২৬৬ টাকা

দেশের বাজারে এক দিনে সোনার দাম ভরিতে ১০ হাজার টাকা বৃদ্ধির ২৪ ঘণ্টা পর দাম কিছুটা কমেছে। প্রতি ভরি সোনার দাম কমেছে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা।

আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় দর সমন্বয় করা হয়েছে। মূলত বিশ্ববাজারে সোনার দাম কমায় দেশের বাজারে সোনার দাম কমিয়েছে জুয়েলার্স সমিতি।

সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলামের সইয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বৈশ্বিক বাজারে সোনার দাম আউন্সপ্রতি প্রায় ২০০ ডলার বেড়ে যাওয়ার কারণে গতকাল বৃহস্পতিবার প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৯ হাজার ৮৫৬ টাকা বাড়ানো হয়। তার আগে ৩১ জুলাই সোনার দাম বেড়েছিল ২ হাজার ২১৬ টাকা।

দাম সমন্বয়ের কারণে আজ থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। এ ক্ষেত্রে দাম কমেছে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা। আর ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা

একইভাবে ১৮ ক্যারেটের সোনার দাম ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমে হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।

সোনার দাম কমলেও রুপার দাম একই আছে। ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা। আর ২১ ক্যারেটের রুপার ভরি এখন ৪ হাজার ৬৬৬ টাকা।