বাংলাদেশ

এক-এগারোর সরকারের সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর

May 10, 2026
3 weeks ago
By SAJ
এক-এগারোর সরকারের সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধের ঘটনা ঘটেছে, এগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

আজ রোববার ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এ কথা বলেন।

গত বৃহস্পতিবার মাসুদ উদ্দিনকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখান ট্রাইব্যুনাল-২। একই দিন মাসুদ উদ্দিনকে এক দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।

মাসুদ উদ্দিনকে গতকাল শনিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে মাসুদ উদ্দিন যেসব তথ্য দিয়েছেন, সেগুলো তাঁরা যাচাই–বাছাই করছেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, এক-এগারোর যে সরকারটি ছিল, সেখানে মাসুদ উদ্দিন বা আরও কয়েকজনকে ‘ডিফ্যাক্টো গভর্মেন্ট’ (কার্যত সরকার) বলা হতো। পুরো সরকারটাই তাঁরা চালাতেন। সেই কারণে তখনকার সময়ে যেসব অমানবিক ঘটনা ঘটেছে, মানবতাবিরোধী যেসব অপরাধের ঘটনা ঘটেছে, এগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন তিনি (মাসুদ উদ্দিন)। সে কারণে তারা (ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন) জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পেয়েছে, আরও হয়তো তথ্য পাওয়া যাবে। যে কথাগুলো তিনি তাঁদের বলেছেন, সেগুলো তাঁরা যাচাই–বাছাই করছেন। যদি প্রয়োজন হয় তাঁকে আবার তাঁরা জিজ্ঞাসাবাদ করবেন।

আরেক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, মাসুদ উদ্দিনের বিরুদ্ধে এক-এগারোর সময়কার অভিযোগ আছে। জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাতেও তাঁর সংশ্লিষ্টতা আছে। শেখ হাসিনার অনেক কর্মকাণ্ডের সঙ্গে তাঁর সম্পৃক্ততা আছে। সবকিছুই তাঁরা খোঁজখবর নিচ্ছেন। তাঁরা ইনভেস্টিগেশনে (তদন্তে) নিয়ে আসছেন সবকিছু।

আমিনুল ইসলাম বলেন, মাসুদ উদ্দিন একটা মামলায় গ্রেপ্তার হয়েছেন। সেই সূত্র ধরে তাঁরা তাঁদের আওতায় তাঁকে (মাসুদ উদ্দিন) নিয়ে এসেছেন। তাঁরা সুনির্দিষ্ট কোনো বিষয় ইনভেস্টিগেশন করছেন না। ফেনীর বিষয় নয়, সব বিষয়ই তাঁরা নিয়ে আসছেন। যেসব মানবতাবিরোধী অপরাধের মধ্যে তাঁর সম্পৃক্ততা থাকবে, সেখানে তাঁরা তাঁকে (মাসুদ উদ্দিন) নিয়ে আসবেন।