খেলা

এক গোল, দুই অ্যাসিস্ট—এমএলএসে নতুন রেকর্ড মেসির

May 10, 2026
3 months ago
By SAJ
এক গোল, দুই অ্যাসিস্ট—এমএলএসে নতুন রেকর্ড মেসির

কানাডার ক্লাব টরন্টো এফসিকে হারিয়ে মেজর লিগ সকারে (এমএলএস) জয়ে ফিরেছে ইন্টার মায়ামি। কাল রাতে নিজেদের মাঠে মায়ামি জিতেছে ৪–২ গোলের বড় ব্যবধানে। এই ম্যাচে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করে এমএলএসে নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি।

টরন্টোর বিএমও ফিল্ডে হওয়া ম্যাচটিতে ৫৬ মিনিটে লুইস সুয়ারেজ আর ৭৩ মিনিটে সের্হিও রেগুইলনের গোলে সহায়তা করেন মেসি। এরপর ৭৫ মিনিটের সময় রদ্রিগো দি পলের অ্যাসিস্টে গোলদাতার খাতায় নাম লেখান নিজেই।

টরন্টোর বিপক্ষে ম্যাচে তিনটি গোলে যুক্ত থেকে মেসি এখন এমএলএসে দ্রুততম এক শ গোলে অবদান রাখা খেলোয়াড়। এমএলএসের নিয়মিত মৌসুমে মাত্র ৬৪ ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করলেন। এর মধ্যে ৫৯টি গোল মেসির নিজের (ক্যারিয়ার গোল ৯০৭টি), সতীর্থদের সহায়তা করেছেন ৪১টিতে।

মেসি এক শ গোলের মাইলফলকে কত দ্রুত পৌঁছেছেন, সেটি বোঝা যাবে যাঁর রেকর্ড ভেঙেছেন, তাঁর দিকে তাকালে। এত দিন এমএলএসে দ্রুততম এক শ গোলে অবদানের রেকর্ড ছিল সেবাস্তিয়ান জিওভিনসো। টরন্টোর এই ফরোয়ার্ড ৫৮ গোল ও ৪২ অ্যাসিস্টে এক শ ছুঁয়েছিলেন ৯৫ ম্যাচে। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির হয়ে রবি কিনের লেগেছিল ৯৬ ম্যাচ।

আগের ম্যাচে অরল্যান্ডো সিটির কাছে ৪–৩ গোলে হেরে যাওয়া মায়ামি টরন্টোর বিপক্ষে জিতে ১২ ম্যাচে ২২ পয়েন্টে পৌঁছেছে। এক ম্যাচ কম খেলে নিউ ইংল্যান্ডের পয়েন্টও ২২। আর ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল।