বাংলাদেশ

এক মন্ত্রীর মন্ত্রণালয় কমল, আরেক প্রতিমন্ত্রীর মন্ত্রণালয় বাড়ল

March 25, 2026
6 months ago
By SAJ
এক মন্ত্রীর মন্ত্রণালয় কমল, আরেক প্রতিমন্ত্রীর মন্ত্রণালয় বাড়ল

মন্ত্রিসভা আরেক দফায় পুনর্বণ্টন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের একটি মন্ত্রণালয় কমানো হয়েছে। অন্যদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারীকে আরও একটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার রুলস অব বিজনেস অনুযায়ী এই দপ্তর পুনর্বণ্টন করেছেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।

মোহাম্মদ আমিন উর রশিদ এত দিন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পুনর্বণ্টনের পর এখন তিনি মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। অপর দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা শপথ নেয়। এরপর একাধিকবার মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর পুনর্বণ্টন করা হয়।

সব মিলিয়ে এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যসংখ্যা ৪৯। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ২৩ জন। এর বাইরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা আছেন।