বাংলাদেশ

একদিনে উদ্ধার ২৫ হাজার লিটার জ্বালানি তেল, এ পর্যন্ত পৌনে ৪ লাখ

April 2, 2026
2 weeks ago
By SAJ
একদিনে উদ্ধার ২৫ হাজার লিটার জ্বালানি তেল, এ পর্যন্ত পৌনে ৪ লাখ

সারা দেশে একদিনে অভিযান চালিয়ে আরও ২৫ হাজার ৫৩৭ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলেছে, এ নিয়ে এ পর্যন্ত মোট ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হলো।

জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে সারা দেশে অভিযান চালাচ্ছে সরকার। ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত ৬৪ জেলায় মোট ৪ হাজার ৮২৪টি অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র (যুগ্মসচিব) মনির হোসেন চৌধুরী।

সংবাদ সম্মেলনে বলা হয়, গতকাল বুধবার ৩৮১টি অভিযান চালানো হয়। মামলা হয় ১৬৯টি। মোট ৮ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৫ হাজার ১৩২ লিটার ডিজেল, ১০ লিটার অকটেন ও ৩৯৫ লিটার পেট্রল জব্দ করা হয়েছে এসব অভিযানে।

জ্বালানি বিভাগ বলছে, এখন পর্যন্ত মোট ২ হাজার ৯টি মামলা হয়েছে। জরিমানা আদায় হয়েছে ১ কোটি ১ লাখ ৪৩৫ টাকা। কারাদণ্ড পেয়েছেন ২৪ জন। এ পর্যন্ত মোট ডিজেল উদ্ধার হয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার। অকটেন ৩০ হাজার ৯৬০ লিটার। পেট্রল ৭০ হাজার ৫৪ লিটার।জ্বালানি তেলের বর্তমান মজুতের হিসাব দিয়েছে জ্বালানি বিভাগ। এতে বলা হয়, দেশে বর্তমানে ডিজেলের মজুত আছে ১ লাখ ২২ হাজার ৬৬০ টন। অকটেন রয়েছে ৯ হাজার ২১ টন। পেট্রল ১২ হাজার ১৯৪ টন। জেট ফুয়েল ৪১ হাজার ৮৭৬ টন।

আগারগাঁওয়ে ২৯৬ লিটার জ্বালানি তেল জব্দ

রাজধানীর আগারগাঁও এলাকায় তেল বিক্রির  দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার ১৫৮ লিটার অকটেন ও ১৩৮ লিটার ডিজেলসহ মোট ২৯৬ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন র্যাবের ভ্রাম্যমান আদালত। প্রতিষ্ঠানদুটিতে এসব জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছিল।

র্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  প্রতিষ্ঠান দুটির মালিক তেল মজুত রাখার কথা স্বীকার করেন। তাঁদের দোষী সাব্যস্ত করে প্রতিষ্ঠান দুই হাজার টাকা জরিমানা করেন। তাঁদের মৌখিকভাবে সতর্ক করেন।