বাংলাদেশ

এনসিপি থেকে পদত্যাগ করা ৩৫ নেতা–কর্মী যোগ দিলেন গণসংহতিতে

May 5, 2026
5 months ago
By SAJ
এনসিপি থেকে পদত্যাগ করা ৩৫ নেতা–কর্মী যোগ দিলেন গণসংহতিতে

রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ৩৫ নেতা–কর্মী যোগ দিয়েছেন গণসংহতিতে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের আশিকা কনভেনশন হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

রাঙামাটি জেলা শাখা এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা এ যোগদান কর্মসূচির নেতৃত্ব দেন। তিনি চলতি বছরের ৫ মার্চ এনসিপি থেকে পদত্যাগ করেন। অনুষ্ঠানে উজ্জ্বল চাকমা বলেন, ‘আমরা এনসিপির সাবেক ৩৫ নেতা–কর্মীসহ ১০ উপজেলার বিভিন্ন শ্রেণি–পেশার দুই শতাধিক লোক গণসংহতিতে যোগ দিয়েছি। মূল আদর্শ থেকে বিচ্যুত হওয়ায় আমরা এনসিপি ছেড়ে গণসংহতি আন্দোলনে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।’

অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদ সদস্য সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ বলেন, ‘চব্বিশের আন্দোলনের পরে এ দেশের সব বর্ণের, সব ধর্মের মানুষের সমান অধিকার হবে, এমন স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সে স্বপ্ন ভঙ্গ হয়েছে। তাই গণসংহতি আন্দোলনের মতাদর্শে সাড়া দিয়ে, আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাঁরা যোগ দিয়েছেন।’

অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হোসেন নতুন যোগ দেওয়া নেতা–কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় বাংলাদেশ যুব ফেডারেশন কেন্দ্রীয় সদস্য শুভাশীষ ভট্টাচার্য উপস্থিত ছিলেন।