বাংলাদেশ

এসএসসির প্রশ্ন দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪

April 25, 2026
1 month ago
By SAJ
এসএসসির প্রশ্ন দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

গ্রেপ্তার চারজন হলেন—সিফাত আহমেদ, মোহাম্মদ সালমান, মেজবাউল আলম ও মোহাম্মদ মহিউজ্জামান।

আজ শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন এ তথ্য জানান। এসএসসিতে প্রশ্নপত্র ফাঁস নিয়ে অনলাইন প্রতারণার বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সিটিটিসি জানায়, ২০ এপ্রিল সিটিটিসির অনলাইন ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারির সময় একটি ফেসবুক পেজ শনাক্ত করে। ওই পেজের তথ্য বিশ্লেষণ করে ওই দিন রাত সাড়ে আটটার দিকে ঢাকার অদূরে আশুলিয়ার তাজপুরে অভিযান চালিয়ে সিফাত আহমেদকে গ্রেপ্তার করা হয়।

সিটিটিসির এই কর্মকর্তা বলেন, সিফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ এপ্রিল বগুড়ার ধুনট থেকে সালমানকে গ্রেপ্তার করা হয়। একই দিনে দিনাজপুর জেলার নবাবগঞ্জের দাদনপুর মালিপাড়া এলাকা থেকে মেজবাউল আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৪ এপ্রিল সিরাজগঞ্জ জেলার তাড়াশের নওগাঁ ইউনিয়নে অভিযান চালিয়ে মহিউজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেপ্তার চারজনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সিটিটিসি জানায়। এই চক্র দীর্ঘদিন ধরে প্রশ্নপত্র দেওয়ার নামে শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিল। তাঁদের দেওয়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের কোনো মিল নেই বলেও সিটিটিসি জানিয়েছে।