আন্তর্জাতিক

ফ্লোরিডায় লিমনের প্রথম জানাজা আজ, মরদেহ ঢাকা পৌঁছাবে ৪ মে

April 30, 2026
3 months ago
By SAJ
ফ্লোরিডায় লিমনের প্রথম জানাজা আজ, মরদেহ ঢাকা পৌঁছাবে ৪ মে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বাদ জোহর অনুষ্ঠিত হচ্ছে।

জানাজা অনুষ্ঠিত হচ্ছে ফ্লোরিডার টাম্পা বে এলাকায় ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়ায় (আইএসটিবিএ)। ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন। ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। গত শুক্রবার স্থানীয় একটি সেতুর কাছ থেকে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

জামিলের সঙ্গে একই দিনে নিখোঁজ হন একই বিশ্ববিদ্যালয়ের আরেক পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। বৃষ্টির মৃতদেহ এখনো শনাক্ত হয়নি।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে আরও বলা হয়েছে, জামিলের মৃতদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী ৪ মে স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে জামিলের মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা।

লিমন ও বৃষ্টি হত্যাকাণ্ডে সন্দেহভাজন খুনি হিসেবে হিশাম সালেহ আবুঘরবেহ নামের এক মার্কিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। লিমনের রুমমেট ছিলেন হিশাম।