বাংলাদেশ

ফ্ল্যাট জালিয়াতির মামলায় টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি ১৬ এপ্রিল

April 8, 2026
1 month ago
By SAJ
ফ্ল্যাট জালিয়াতির মামলায় টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি ১৬ এপ্রিল

রাজধানীর গুলশানে ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ১৬ এপ্রিল তারিখ ধার্য করেছেন আদালত।

শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আজ বুধবার এ আদেশ দেন। একই সঙ্গে মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৫–এ বদলির নির্দেশ দিয়েছেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য। ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে তিনি। অন্যদিকে সরদার মোশাররফ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা।

মামলায় টিউলিপ সিদ্দিক ও সরদার মোশাররফের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গত ১৮ ফেব্রুয়ারি আমলে নেন আদালত। সেদিন তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল মামলাটি করে দুদক।