বিনোদন

ফরিদপুরে কনসার্ট পণ্ড, যা জানালেন জেমস

December 27, 2025
5 months ago
By SAJ
ফরিদপুরে কনসার্ট পণ্ড, যা জানালেন জেমস

শুক্রবার ফরিদপুরে নগরবাউল জেমসের কনসার্ট পণ্ড হয়েছে। ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষ উদ্‌যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিনে বহিরাগতদের ইট নিক্ষেপের কারণে কনসার্ট বাতিল হয়। তবে একে আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতা হিসেবে দেখছে নগরবাউল।

নগরবাউল ও জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন প্রথম আলোকে বলেন, ‘এ আয়োজনে অংশ নিতে সাড়ে সাতটায় ফরিদপুর পৌঁছাই। অনুষ্ঠান শুরু হওয়ার পরেই জানতে পারি সেখানে বিশৃঙ্খলা হচ্ছে। আমরা তখন গেস্ট হাউসেই ছিলাম। রাত সাড়ে ১০টায় বিশৃঙ্খলা চরম আকার ধারণ করলে অনুষ্ঠান বাতিলের কথা আমাদের জানানো হয়। এরপর ঢাকায় চলে আসি।’জেমসও প্রথম আলোকে বলেন, ‘এটি সম্পূর্ণ আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতা।’

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুধু নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য ছিল। অনিবন্ধিত কয়েক হাজার বহিরাগত দর্শক সংগীতশিল্পী জেমসের কথা শুনে চলে আসেন। ভেতরে ঢুকতে না দেওয়ায় তাঁরা পাশের মুজিব সড়কে অবস্থান নেন। পরে আয়োজক কমিটির পক্ষে বাইরে দুটি প্রজেক্টর লাগিয়ে দেওয়া হয়। তবে এতেও সন্তুষ্ট না হয়ে রাত সাড়ে নয়টার দিকে বহিরাগতরা দেয়াল বেয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এতে বাধা দেওয়ায় স্কুল প্রাঙ্গণের দর্শক ও মঞ্চের দিকে একের পর এক ইটপাটকেল ছুড়তে থাকেন। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা বাধা দিলে তাঁরা আরও বেপরোয়া হয়ে ওঠেন। তাঁদের ছোড়া ইটপাটকেলে স্কুল প্রাঙ্গণের ২৫ থেকে ৩০ জন আহত হন। এ সময় ৪ থেকে ৫ জন দেয়াল বেয়ে স্কুল প্রাঙ্গণের ভেতরে ঢুকে পড়লে জিলা স্কুলের ছাত্ররা তাঁদের চড়থাপ্পড় দেন।

পরিস্থিতি বিবেচনায় রাত ১০টার একটু আগে নিরাপত্তা উপপরিষদের সদস্য ও ফরিদপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী বেনজীর আহমেদ তাবরীজ সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেন।বেনজীর আহমেদ তাবরীজ বলেন, বাইরে থেকে ছোড়া ইটের আঘাতে পুনর্মিলনী কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামীমসহ ২০ থেকে ২৫ জন আহত হন। আহত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন।ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, জেমস আসার খবর শুনে স্কুলের সামনে ২০ থেকে ২৫ হাজার মানুষ জড়ো হয়ে যান। এত লোককে স্কুলের ভেতরের প্রাঙ্গণে জায়গা দেওয়া অসম্ভব ছিল। বহিরাগতদের ঢুকতে না দেওয়ায় হালকা বিশৃঙ্খলা হয়েছে। ওসি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেষ পর্যন্ত পুরো পরিবেশনা বাতিল করা হয়।