বাংলাদেশ

ফয়েজ আহমদ তৈয়্যবের পদত্যাগ চান মুঠোফোন ব্যবসায়ীরা, সার্ক ফোয়ারা মোড় অবরোধ

December 10, 2025
4 months ago
By SAJ
ফয়েজ আহমদ তৈয়্যবের পদত্যাগ চান মুঠোফোন ব্যবসায়ীরা, সার্ক ফোয়ারা মোড় অবরোধ

রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে মুঠোফোন ব্যবসায়ীরা এখন এক দফা দাবিতে বিক্ষোভ করছেন। তাঁরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের পদত্যাগ চাচ্ছেন।

এর আগে ব্যবসায়ীরা আজ বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এরপর তাঁরা সড়কে টায়ার ও কিছু কাঠের ফালিতে আগুন ধরিয়ে স্লোগান দিতে শুরু করেন। সেখানে তাঁরা একটি গাড়ি ভাঙচুর করছেন বলেও জানা গেছে।

ব্যবসায়ীদের সড়ক অবরোধের কারণে ওই মোড় দিয়ে চলাচলকারী চারদিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে মানুষেরা চরম ভোগান্তিতে পড়েছেন।

পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাছ আলী। তিনি বলেন, মুঠোফোন ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড়ে অবরোধ করার কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়ন হলে লাখ লাখ ব্যবসায়ী ও তাঁদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নতুন এ নিয়মের কারণে বিশেষ একটি গোষ্ঠী লাভবান হবে এবং বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়ে মোবাইলের দাম বেড়ে যাবে।

বিটিআরসি ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে বৈধ পথে মুঠোফোন আমদানির শুল্কহার কমানো ও প্রবাসীদের ফোন আনার ক্ষেত্রে বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে সরকার।

এনইআইআরের মাধ্যমে প্রতিটি মুঠোফোনকে নিবন্ধনের আওতায় আনা হবে। এর পর থেকে অবৈধভাবে নিয়ে আসা ফোন ব্যবহার করা যাবে না বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।