বাংলাদেশ

গাজীপুরে এবার ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন

October 17, 2026
2 days ago
By SAJ
গাজীপুরে এবার ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানাটির অবস্থান। ওই কারখানার হারবাল সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশ না কারার শর্তে কারখানার একজন শ্রমিক জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে সব শ্রমিক কারখানা থেকে বের হয়ে আসেন। শ্রমিকেরা কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসীম বলেন, আগুনের খবর পেয়ে তিনটি ইউনিট কাজ করছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত বুধবার টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামের একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।