বিনোদন

গোপনেই শেষ হলো বাঁধন, সুনেরাহ ও শিমুদের শুটিং

December 5, 2025
10 months ago
By SAJ
গোপনেই শেষ হলো বাঁধন, সুনেরাহ ও শিমুদের শুটিং

পাঁচটি দেশ থেকে অনুদান পেয়েছে সিনেমাটি। সেই অর্থ দিয়ে শেষ হয়েছে শুটিংও। এখন চলছে শুটিং–পরবর্তী কাজ। সিনেমার পুরো কাজ শেষ না হলেও থেমে নেই প্রচারের পরিকল্পনা। সেই চেষ্টায় এবার এশিয়া থেকে একমাত্র সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে ফ্যান্সের লেজ আকস ফিল্ম ফেস্টিভ্যালের ওয়ার্ক ইন প্রগ্রেস বিভাগে। ১৩ ডিসেম্বর শুরু হবে উৎসব। এতে বাংলাদেশ থেকে অংশ নেবে রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

কেন গুরুত্বপূর্ণ লেজ আকসঅল্প দিনেই উৎসবটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন সময় এ আয়োজনে অংশ নেওয়া সিনেমাগুলো কান, ভেনিস, লোকার্নো, রটারডামসহ বিশ্বের গুরুত্বপূর্ণ সব চলচ্চিত্র উৎসবে অংশ নেয়। এ আয়োজনে অংশ নেওয়া ‘সাউন্ড অব ফলিং’ কানে জুরি পুরস্কার পায়। ‘স্ট্রেঞ্জ রিভার’ ভেনিস উৎসবে জায়গা করে নিয়েছিল। এই উৎসবে সিনেমা নিয়ে অংশ নেওয়া প্রসঙ্গে রুবাইয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘এখানে আন্তর্জাতিক সিনেমার বড় বড় বিপণন এজেন্টরা অংশ নেয়। যাদের সিনেমা সম্পর্কে ধারণা দিতে হয়। তারা যুক্ত হলে সিনেমা বিশ্বব্যাপী প্রদর্শন করে। এ ছাড়া এখানে গুরুত্বপূর্ণ প্রযোজকদের বড় একটি সমাবেশ হয়। এখানে আমরাই একমাত্র এশিয়া থেকে অংশ নিচ্ছি। কেমন সাড়া পাই, সেটাও অভিজ্ঞতার ঝুলিতে জমা হবে। আমরা বাংলা ভাষার সিনেমাটিকে আরও দূরে নিয়ে যেতে চাই।’

গোপনে শুটিং শেষ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’–এ অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, সুনেরাহ বিনতে কামাল ও রিকিতা নন্দিনী শিমু। তিনজনই সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এবারই প্রথম তিন অভিনেত্রীকে দেখা যাবে একসঙ্গে। তাঁরা গোপনেই সিনেমার শুটিং করেছেন। সিনেমায় অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী বাঁধন গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘সিনেমাটি নিয়ে এখন কোনো কথা বলতে চাই না। আপনি পরিচালকের সঙ্গে বা টিমের সঙ্গে কথা বলতে পারেন।’

আন্তর্জাতিক এই সিনেমা প্রসঙ্গে একই কথা জানান সুনেরাহ, ‘পরিচালক আমাদের কথা বলতে বললেই আমরা কথা বলতে পারব।’ রুবাইয়াত জানান, চলতি বছরের মাঝামাঝি সময় সিনেমার শুটিং করেছেন। ঠিকঠাক শুটিং করতেই আগে কাউকে জানাননি। তিনি বলেন, ‘বাঁধন, সুনেরাহ ও শিমু—তিনজনই খুব মেধাবী অভিনেত্রী। তাঁদের একসঙ্গে সিনেমায় পাওয়ায় অনেক ভালো লেগেছে। অন্যরাও মেধাবী। কাজটিও অনেক সুন্দর হয়েছে। আরও ভালো লেগেছে তাঁদের সঙ্গে গল্প নিয়ে কথা বলার সময় কেউ জানতে চাননি, নিজের বা কার চরিত্র কত বড়; বরং চরিত্র নিয়েই তাঁরা বেশি ভেবেছেন।’

সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে জাইনীন করিমকে। আগে সহকারী পরিচালক হিসেবে কাজ করা জাইনীনের এবারই সিনেমায় অভিষেক হচ্ছে। জাইনীনকে নিয়ে রুবাইয়াত বলেন, ‘তাঁকে প্রধান চরিত্রে নেওয়া আমার জন্য বড় এক সাহসের কাজ ছিল। অভিনয়ের কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তিনি পুরোপুরি সেই চরিত্রে জীবন্ত হয়ে উঠেছেন।’

কী আছে এই সিনেমায়বিয়ে, মেকআপ ও একটি বিউটি পারলারের গল্প নিয়েই এই সিনেমা। এর মধ্যে তুলে ধরেছেন সচেতনতার বার্তা। সিনেমার জনরা সামাজিক হলেও এর সঙ্গে যোগ হয়েছে হরর ঘরানা। এর আগে ‘মেহেরজান’, ‘আন্ডার কনস্ট্রাকশন’, ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমাগুলো বানালেও এবার প্রথম হরর বেছে নিয়েছেন তিনি। ‘এর মধ্যে সমাজের সমসাময়িক কিছু বিষয় নিয়ে কথা বলেছি। সিনেমায় তুলে ধরেছি নারীদের কথা। সব সময়ই মনে হয়েছে, নারী হয়ে আমার দায়বদ্ধতা রয়েছে নারীদের গল্প বলা। আর আমি চারপাশে যা দেখি, সেগুলোই গল্প আকারে জায়গা পায়। এটাও ব্যতিক্রম নয়। যে কারণে আমার গল্প সব সময় হয়ে থাকে নারীপ্রধান বা নারীদের নিয়ে গল্প।’

গতকাল শুক্রবার সিনেমাটির খবর প্রকাশ করেছে চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটিও। সেখানে রুবাইয়াত জানিয়েছেন, তিনি ২১ বছর ধরে এই সিনেমা নির্মাণের জন্য অপেক্ষা করেছেন। ২০০৬ সালে এই গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানানোর চেষ্টা করেছিলেন। পরে সেটা স্থগিত করেন। তারপর এই গল্পকে দুই দশক ধরে আবার লিখেছেন।

ফ্রান্স টু লিসবনশুটিং শেষে ফ্রান্সে চলছে সিনেমাটির সম্পাদনার কাজ। সম্পাদনা শেষে বাকি কাজ হবে পর্তুগালের লিসবনে। সিনেমায় বড় অঙ্কের খরচ হবে শুটিং–পরবর্তী কাজে। কারণ, ভিডিও ইফেক্টের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে বলে জানান পরিচালক। এসবই হবে অনুদানের অর্থে। সিনেমাটি এর আগে জার্মান ওয়ার্ল্ড সিনেমা ফান্ড, পর্তুগালের ফিল্ম ইনস্টিটিউট, ইউইমেজেসসহ বেশ কিছু জায়গা থেকে আর্থিক সহায়তা পায়। পর্তুগাল, নরওয়ে, জার্মানি, ফ্রান্স ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে।সিনেমার একটি সূত্র জানায়, আন্তর্জাতিক এই সিনেমার বাজেট অনেক বেশি। বাজেট নিয়ে অবশ্য রুবাইয়াত কথা বলতে চান না। সিনেমাটি দেখতে দেশের দর্শকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। ‘সিনেমার সব কাজ শেষ হতে এখনো বেশ সময় লাগবে। এরপর সিনেমাটি যাবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। দেশের দর্শকদের আরও অনেক সময় অপেক্ষা করতে হবে,’ বলেন রুবাইয়াত। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’–এ আরও অভিনয় করেছেন সাবেরী আলম, দামির খান, মোহাম্মদ বারী প্রমুখ।