আন্তর্জাতিক

গ্রিনল্যান্ড নিয়ে চুক্তি ‘চিরস্থায়ী’ হবে: ট্রাম্প

January 22, 2026
2 months ago
By SAJ
গ্রিনল্যান্ড নিয়ে চুক্তি ‘চিরস্থায়ী’ হবে: ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে ন্যাটো মিত্রদের ওপর শুল্ক আরোপের হুমকি প্রত্যাহারের কয়েক মিনিট পর মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এখন একটি ‘চুক্তির ধারণা’ বিবেচনায় রয়েছে।

এই চুক্তিতে কী থাকবে, সে বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ট্রাম্প বলেন, এটি ‘একটু জটিল। তবে আমরা পরে তা ব্যাখ্যা করব।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই সম্ভাব্য চুক্তি ‘আমি যেমনটা চেয়েছিলাম, ঠিক তেমনই একটি চুক্তি।’

ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন, ন্যাটো মহাসচিব মার্ক রুটে ইতিমধ্যে প্রস্তাবটি নিয়ে ডেনমার্ক ও জোটের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছেন।

চুক্তির বিষয়ে চমকপ্রদ ঘোষণার আগেই রুটের সঙ্গে কথা বলছিলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই চুক্তি চিরস্থায়ী হবে।’

গ্রিনল্যান্ডবিষয়ক কোনো চুক্তিতে বিরল খনিজ পদার্থ অন্তর্ভুক্ত থাকবে কি না, সে ব্যাপারে ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি। তবে তিনি বলেছেন, ন্যাটো ও ডেনমার্কের সঙ্গে সহযোগিতার বিষয়টি চুক্তির অংশ হবে।

সিএনবিসির সঙ্গে সাক্ষাৎকার শেষে বেরিয়ে আসার সময় ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটোর সঙ্গে তাঁর ‘চুক্তির ধারণা’টি নিয়ে আরও কয়েকটি মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আলোচনা এখনো চলমান। তবে তা ‘অনেকটাই এগিয়েছে’। এই চুক্তির মাধ্যমে ‘আমাদের যা যা পাওয়া দরকার, তার সবই আমরা পাচ্ছি’। বিশেষ করে ‘জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার’ ক্ষেত্রে।

ট্রাম্প পুনরাবৃত্তি করে বলেন, এটি একটি ‘চিরস্থায়ী চুক্তি’ হবে। তবে মালিকানার বিষয়টি আলোচনার অংশ কি না, তা তিনি স্পষ্ট করেননি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটি চূড়ান্ত ও দীর্ঘমেয়াদি চুক্তি হবে। তিনি মনে করেন, এটি সবাইকে খুব ভালো অবস্থানে রাখবে। বিশেষ করে নিরাপত্তা, খনিজ সম্পদ ও অন্য সবকিছুর ক্ষেত্রে।

ন্যাটোর এক মুখপাত্র বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মত হওয়া চুক্তির কাঠামোর মূল লক্ষ্য হবে—মিত্রদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা।

ন্যাটোর এই মুখপাত্র আরও বলেন, ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা এমনভাবে এগিয়ে যাবে, যার লক্ষ্য হবে রাশিয়া ও চীন যেন গ্রিনল্যান্ডে অর্থনৈতিক বা সামরিকভাবে কখনোই ঘাঁটি গাড়তে না পারে, তা নিশ্চিত করা।