হাদি হত্যার বিচার দাবিতে চার ঘণ্টা ধরে শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে চার ঘণ্টা ধরে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তাঁর সংগঠনের নেতা-কর্মীরা। এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও রয়েছেন।
পূর্বঘোষণা অনুযায়ী, আজ শুক্রবার জুমার নামাজের পর এই কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। টানা চার ঘণ্টা ধরে অবরোধ চলতে থাকায় আশপাশের রাস্তায় যানজট দেখা যায়।
শহীদ ওসমান হাদি জুলাই গণ-অভ্যুত্থানের মুখ। তিনি গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করেন। ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন তিনি। অনেক দিন ধরে তিনি গণসংযোগ করে আসছিলেন।
১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করা হয়। তাঁকে মাথায় গুলি করার পর আততায়ীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। গত শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে তাঁর জানাজা হয়। এরপর তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ-সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে দাফন করা হয়।
ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে আসছে ইনকিলাব মঞ্চ। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ তারা শাহবাগ মোড় অবরোধ করে।
শাহবাগ মোড় অবরোধে অংশ নেওয়া ব্যক্তিরা ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’; ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’; ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’; ‘এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’; ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’; ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’; ‘বাংলাদেশের আজাদি, ওসমান হাদি’; ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
বিকেলে ইনকিলাব মঞ্চ ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বাংলাদেশের জনগণকে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে এসে অবস্থান করার জন্য আহ্বান জানিয়েছে।
এর আগে কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, বিচার না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথেই থাকবেন। এই অবরোধ চলছে, এই অবরোধ চলবে। বিচার না হওয়া পর্যন্ত তাঁরা যাবেন না।
আবদুল্লাহ আল জাবের বলেন, সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদির যে লড়াই ছিল, তা চলছে। ওসমান হাদিকে সামনে রেখে এই লড়াই চলবে। তিনি আরও বলেন, ‘আমাদের যেই লড়াই, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার, আমাদের সেই লড়াই চলবে।’