বাংলাদেশ

হাসিনা-টিউলিপ-রাদওয়ানের মামলার রায় ২ ফেব্রুয়ারি

January 18, 2026
3 months ago
By SAJ
হাসিনা-টিউলিপ-রাদওয়ানের মামলার রায় ২ ফেব্রুয়ারি

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে গণ–অভ্যুত্থানে ‎‎‎ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এই মামলার রায় ঘোষণার জন্য আগামী ২ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেছেন আদালত।

আজ রোববার ঢাকার বিশেষ জজ-৪–এর বিচারক রবিউল আলম রায়ের এই তারিখ ধার্য করেন।

মামলার আসামি খুরশীদ আলমের আইনজীবী শাহিনুর ইসলাম বলেন, আজ যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। এ জন্য এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি খুরশীদ আলমকে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর উপস্থিতিতে যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। যুক্তিতর্ক শেষে আদালত রায়ের তারিখ দেন।

ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ মোট ১৬ জনের বিরুদ্ধে গত বছরের ১৩ জানুয়ারি মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান।

তদন্ত শেষে একই বছরের ১০ মার্চ ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ মামলায় ২৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক রবিউল আলম এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।