বাংলাদেশ

হাতীবান্ধায় মাদকবিরোধী অভিযানে হামলা, পুলিশের ২ এএসআই আহত

May 15, 2026
3 months ago
By SAJ
হাতীবান্ধায় মাদকবিরোধী অভিযানে হামলা, পুলিশের ২ এএসআই আহত

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের মধ্য সিঙ্গিমারী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আটক একজনকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেওয়া হয়েছে।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন হাতীবান্ধা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আইয়ুব আলী ও রফিকুল ইসলাম। তাঁরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে হাতীবান্ধা থানার একটি দল মধ্য সিঙ্গিমারী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকসহ একজনকে আটক করে হাতকড়া পরায় পুলিশ। এদিকে আটকের খবর ছড়িয়ে পড়লে অন্য মাদক ব্যবসায়ীরা দেশি অস্ত্রসহ পুলিশের ওপর হামলা চালান। তাঁরা এএসআই আইয়ুব আলী ও রফিকুল ইসলামকে পিটিয়ে আহত করেন এবং হাতকড়াসহ একজনকে ছিনিয়ে নিয়ে যান।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, ‘মাদক ব্যবসায়ীদের হামলায় আমাদের দুই কর্মকর্তা আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য এলাকায় ব্যাপক অভিযান শুরু হয়েছে। খুব দ্রুতই তাঁদের আইনের আওতায় আনা হবে।’