আন্তর্জাতিক

ইরান যুদ্ধে এখন পর্যন্ত ১৫০ মার্কিন সেনা আহত

March 10, 2026
1 month ago
By SAJ
ইরান যুদ্ধে এখন পর্যন্ত ১৫০ মার্কিন সেনা আহত

ইরানের সঙ্গে ১০ দিনের যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১৫০ জন মার্কিন সেনা আহত হয়েছেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুজন রয়টার্সকে মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। এই যুদ্ধে ইতিমধ্যে আট মার্কিন সেনা নিহত হয়েছেন।

আহতের এই সংখ্যা আগে কখনো প্রকাশ হয়নি। রয়টার্সের এই প্রতিবেদন প্রকাশের আগে পেন্টাগন কেবল আটজন মার্কিন সেনার গুরুতর আহত হওয়ার খবর জানিয়েছিল।

রয়টার্সের প্রতিবেদনটি প্রকাশের পর মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে আহত সেনার সংখ্যা প্রায় ১৪০ জন বলে আনুমানিক ধারণা দিয়েছে। তবে তাঁদের অধিকাংশেরই আঘাত গুরুতর নয় বলে জানানো হয়েছে।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল বলেন, ‘অপারেশন এপিক ফিউরি শুরুর পর গত ১০ দিনের অব্যাহত হামলায় প্রায় ১৪০ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন।’ তিনি জানান, আহতদের মধ্যে ১০৮ জন ইতিমধ্যে আবার কাজে ফিরেছেন। এ ছাড়া গুরুতর আহত আটজন সেনাসদস্য সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসাসেবা পাচ্ছেন।

আঘাতের ধরন কেমন এবং এর মধ্যে বিস্ফোরণজনিত মানসিক আঘাত (ট্রমাটিক ব্রেইন ইনজুরি) আছে কি না, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স। বিস্ফোরণের সংস্পর্শে এলে এ ধরনের মানসিক আঘাতের ঘটনা সচরাচর ঘটে থাকে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর থেকে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে ইরান। দেশটি আরব উপসাগরীয় দেশগুলোর কূটনৈতিক মিশন, হোটেল, বিমানবন্দর এবং তেল অবকাঠামোতেও হামলা চালিয়েছে।

পেন্টাগন দাবি করেছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরানি হামলার সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। মার্কিন সামরিক বাহিনী ইরানের অস্ত্রের মজুত এবং কমে আসা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে যাচ্ছে।

মার্কিন সামরিক বাহিনী যখন যুদ্ধের পরিকল্পনা তৈরি করেছিল, ইরান তার চেয়েও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, লড়াই ধারণার চেয়ে কঠিন নয়।

পেন্টাগনের এক ব্রিফিংয়ে কেইন বলেন, ‘আমি মনে করি তারা লড়াই করছে এবং আমি সেটাকে সম্মান করি। তবে তারা আমাদের ধারণার চেয়ে বেশি শক্তিশালী—এমনটা আমি মনে করি না।’