আন্তর্জাতিক

ইরানে বিক্ষোভে নিহত প্রায় ৬ হাজার: মানবাধিকার সংস্থা

January 27, 2026
4 months ago
By SAJ
ইরানে বিক্ষোভে নিহত প্রায় ৬ হাজার: মানবাধিকার সংস্থা

ইরানে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর দমন–পীড়নে প্রায় ৬ হাজার মানুষ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংস্থা। গতকাল সোমবার সংস্থাটি এই তথ্য জানিয়ে সতর্ক করেছে যে তারা আরও কয়েক হাজার মৃত্যুর খবর যাচাই–বাছাই করছে।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে এই বিক্ষোভ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই এটি সরকারবিরোধী গণ–আন্দোলনে রূপ নেয়। ৮ জানুয়ারি থেকে টানা কয়েক দিন দেশটিতে বড় বড় সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর নজিরবিহীন দমন–পীড়নের অভিযোগ এনেছে। তারা বলেছে, নিরাপত্তা বাহিনী সরাসরি বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে। এর ফলে আপাতত বিক্ষোভ কিছুটা স্তিমিত হয়ে পড়েছে।

বিক্ষোভে হতাহতের তথ্য সংগ্রহকারী এনজিওগুলো জানিয়েছে, ১৮ দিন ধরে ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় তাঁদের কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাঁদের আশঙ্কা, নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, তারা এখন পর্যন্ত ৫ হাজার ৮৪৮ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে পেরেছে। এর মধ্যে ৫ হাজার ৫২০ জন বিক্ষোভকারী, ৭৭ জন অপ্রাপ্তবয়স্ক, ২০৯ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৪২ জন পথচারী।

সংস্থাটি আরও জানিয়েছে, তারা আরও ১৭ হাজার ৯১ জনের সম্ভাব্য মৃত্যুর তথ্য খতিয়ে দেখছে। এ ছাড়া এখন পর্যন্ত অন্তত ৪১ হাজার ২৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

লন্ডনভিত্তিক স্বাধীন ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, পুরোপুরিভাবে ইন্টারনেট বন্ধ করে বেসামরিক নাগরিকদের ওপর চালানো প্রাণঘাতী দমন–পীড়নের প্রকৃত চিত্র আড়াল করার চেষ্টা করছে ইরান সরকার।

এদিকে বিক্ষোভের ঘটনায় প্রথমবারের মতো সরকারি তথ্য দিয়েছে ইরান। গত সপ্তাহে দেশটির কর্তৃপক্ষ জানায়, বিক্ষোভে ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। ইরানের ‘ফাউন্ডেশন ফর মার্টার্স অ্যান্ড ভেটেরান্স’ এক বিবৃতিতে নিহত ব্যক্তিদের মধ্যে বিভাজন করেছে। তারা নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ পথচারীদের ‘শহীদ’ হিসেবে উল্লেখ করেছে এবং বাকিদের যুক্তরাষ্ট্র–সমর্থিত ‘দাঙ্গাবাজ’ বলে অভিহিত করেছে। তাদের দেওয়া তথ্যানুযায়ী, ৩ হাজার ১১৭ জনের মধ্যে ২ হাজার ৪২৭ জনই ‘শহীদ’।

অন্যদিকে ইরানের বাইরে থেকে পরিচালিত ফারসি ভাষার টিভি চ্যানেল ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে, গত ৮ ও ৯ জানুয়ারির মধ্যেই নিরাপত্তা বাহিনীর হাতে সাড়ে ৩৬ হাজারের বেশি ইরানি নিহত হয়েছেন। যদিও এই তথ্যের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নরওয়েভিত্তিক অপর এক এনজিও ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, তারা নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ৩ হাজার ৪২৮ জন বিক্ষোভকারী নিহত হওয়ার তথ্য নথিভুক্ত করেছে। সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, প্রকৃত নিহতের সংখ্যা ২৫ হাজারে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।