বাংলাদেশ

ঝিনাইদহে গাড়িতে আগুন ও পেট্রলপাম্প ভাঙচুরের মামলায় বৈষম্যবিরোধী ৭ নেতা গ্রেপ্তার

March 9, 2026
1 month ago
By SAJ
ঝিনাইদহে গাড়িতে আগুন ও পেট্রলপাম্প ভাঙচুরের মামলায় বৈষম্যবিরোধী ৭ নেতা গ্রেপ্তার

ঝিনাইদহে পেট্রলপাম্পে ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্যসচিব আশিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, যুগ্ম আহ্বায়ক অন্তর মাহমুদ, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির এবং রাসের হুসাইন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝিনাইদহ পৌর এলাকার ব্যাপারীপাড়া ও পায়রা চত্বর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ৮ মার্চ ঝিনাইদহ তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে নয়ন নামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার সাবেক সদস্য নিহত হন। এ ঘটনার পর তিনটি বাসে অগ্নিসংযোগ ও একটি পেট্রলপাম্পে ভাঙচুর করা হয়। এর প্রতিবাদে শ্রমিকেরা পরদিন বিচার দাবি করে মহাসড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের আশ্বাসে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন।

পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগের এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেন বাসের এক মালিক। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।