বিনোদন

জয়–মাহির ১৫ বছরের ঘর ভেঙেই গেল

January 4, 2026
3 months ago
By SAJ
জয়–মাহির ১৫ বছরের ঘর ভেঙেই গেল

১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ভারতের টেলিভিশন তারকা জয় ভানুশালি ও মাহি বিজ। গত বছরের নভেম্বরে গুঞ্জনের শুরু, অবশেষে আনুষ্ঠানিকভাবে আলাদা হওয়ার ঘোষণা দিয়েছেন দুজন। ইনস্টাগ্রামে শেয়ার করা যৌথ এক বিবৃতিতে তাঁরা নিশ্চিত করেছেন, পারস্পরিক সম্মতিতেই আলাদা হওয়ার এই সিদ্ধান্ত।

আজ রোববার ইনস্টাগ্রামে যৌথ বিবৃতিতে লেখা হয়েছে, ‘আজ আমরা আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছি, তবুও আমরা একে অপরকে সমর্থন ও সম্মান করব। শান্তি, সহমর্মিতা আর মানবিকতা সব সময় আমাদের সম্পর্কের মূলনীতি হিসেবেই থাকবে।’বিবৃতিতে আরও লেখা হয়েছে, ‘আমাদের সন্তান—তারা, খুশি ও রাজবীরের জন্য যখন যা করা প্রয়োজন, তা–ই করতে আমরা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। সেরা বাবা–মা, সেরা বন্ধু হিসেবে তাদের আগলে রাখব। যদিও আলাদা পথ বেছে নিচ্ছি, তবে এই গল্পে কোনো খলনায়ক নেই এবং এই সিদ্ধান্তের সঙ্গে কোনো নেতিবাচকতা জড়িত নেই।’

২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি বিজ ও জয় ভানুশালি। ২০১৭ সালে তাঁরা সন্তান খুশি ও রাজবীরকে দত্তক নেন। দুই বছর পরে ২০১৯ সালে তাঁদের কন্যা তারা জন্মগ্রহণ করে।ভারতের রিয়েলিটি শো ‘নাচ বলিয়ে’–এর পঞ্চম সিজনে একসঙ্গে অংশগ্রহণ করে পরিচিতি পান জয়–মাহি। এরপর আরও কিছু রিয়েলিটি শোতে তাঁদের দেখা গেছে। সম্প্রতি ৯ বছরের বিরতির পর টিভিতে ফেরার ঘোষণা দিয়েছেন মাহি। টেলিভিশন শো ‘সেহের হোনে কো হ্যায়’–তে দেখা যাবে তাঁকে।

এনডিটিভি অবলম্বনে