বিনোদন

কার দখলে কত হল

June 2, 2026
3 days ago
By SAJ
কার দখলে কত হল

এবারের ঈদে প্রেক্ষাগৃহে শুধু তারকানির্ভর বড় সিনেমার দাপটই নয়, দেখা মিলছে ভিন্ন স্বাদের গল্পেরও। অ্যাকশন–থ্রিলার থেকে সাহিত্যনির্ভর ও নির্মাতাকেন্দ্রিক সিনেমা—সব মিলিয়ে আটটি নতুন ছবি নিয়ে জমে উঠেছে ঈদের লড়াই। আর দীর্ঘদিন পর তরুণ দর্শকদের বড় অংশকে আবারও প্রেক্ষাগৃহমুখী করেছে এবারের ঈদ সিনেমা।হলসংখ্যা ও শোর হিসাবেও এবার চলছে প্রতিযোগিতা।

ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, শ্যামলী সিনেমা, মধুমিতা সিনেমা, আনন্দ সিনেমাসহ দেশজুড়ে সর্বোচ্চ ১০৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রকস্টার।

এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে ৯টি শাখায় সর্বোচ্চ ৩৫ শো নিয়ে শীর্ষস্থানে রয়েছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সে ১৮টি শো নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রইদ। গতকাল বনলতা সেন ও মালিক ১০টি করে শো নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে।ঈদে মুক্তি পেয়েছে রকস্টার, রইদ, বনলতা সেন, মালিক, মাসুদ রানা, পিনিক, অফিসার ও তছনছ। এর মধ্যে তছনছ বাদে বাকি সাতটি সিনেমা স্টার সিনেপ্লেক্সে চলছে।

ব্লকবাস্টার সিনেমাসে পিনিক ও তছনছ বাদে বাকি ছয়টি সিনেমা প্রদর্শিত হচ্ছে। লায়ন সিনেমাসে চলছে ছয় সিনেমা রকস্টার, রইদ, মালিক, মাসুদ রানা, অফিসার, বনলতা সেন ও পিনিক।

লায়ন সিনেমাসে প্রতিদিন সর্বোচ্চ আটটি শো পেয়েছে রকস্টার। তিনটি শো নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মালিক। রইদ ও মাসুদ রানা দুটি করে শো পেয়েছে। বনলতা সেন ও পিনিক একটি করে শো পেয়েছে।

রকস্টারআজমান রুশো পরিচালিত সিনেমাটিতে রকস্টারের ভূমিকায় দেখা গেছে শাকিব খানকে। তাঁর বিপরীতে রয়েছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক।একক সিনেমা হলে বরাবরই শাকিব খানের রাজত্ব দেখা যায়। একক সিনেমা হলের বাইরে মাল্টিপ্লেক্সেও দাপট দেখাচ্ছে রকস্টার। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাসসহ সব মাল্টিপ্লেক্সে বাজিমাত করেছে রকস্টার।যশোরের মণিহার, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, সাভারের সেনা অডিটোরিয়াম, সিলেটের নন্দিতা, খুলনার লিবার্টি, চট্টগ্রামের সিনেমা প্যালেস, গাইবান্ধার তাজ সিনেমাসহ দেশের বেশির ভাগ একক সিনেমা হলে সিনেমাটি দেখতে ভিড় করছেন দর্শক।

রইদসিনেমাটি বোদ্ধা মহলে প্রশংসা কুড়িয়েছে। শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি, ছবিটিও ভালো চলছে। মেজবাউর রহমান সুমন পরিচালিত রইদ–এ নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরানের অভিনয়ের প্রশংসা করছেন অনেকে।সিনেমাটি স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও কে–স্ক্রিনে দেখা যাচ্ছে।

বনলতা সেনজীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা বনলতা সেন থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। এতে জীবনানন্দের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। তিনি ছাড়াও মাসুমা রহমান নাবিলা, সোহেল মণ্ডল, প্রিয়ন্তী উর্বী, রূপন্তি আকিদ, ময়মুনা মম, শরিফ সিরাজসহ অনেকে অভিনয় করেছেন।সিনেমাটি স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও কে–স্ক্রিনে দেখতে পারছেন দর্শক।

মালিকসাইফ চন্দন পরিচালিত মালিক সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম। সিনেমাটি মাল্টিপ্লেক্সের বাইরে একক সিনেমা হলেও চলছে। বগুড়ার সোনিয়া সিনেমা, ধুনটের ক্লিওপেট্রা, শ্রীপুরের শাপলা সিনেমা, শ্রীমঙ্গলের রাধানাথ সিনেমা, কোম্পানীগঞ্জের পূর্ণিমা সিনেমা, ভৈরবের দর্শন সিনেমা, গোপালগঞ্জের চিত্রবানীসহ ৩২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

মাসুদ রানাকাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গুপ্তচর চরিত্র মাসুদ রানাকে নিয়ে একই নামে সিনেমাটি নির্মাণ করেছেন সৈকত নাসির। সিনেমায় নাম ভূমিকায় দেখা গেছে নবাগত রাসেল রানাকে, সঙ্গে আছেন পূজা চেরী। সিনেমাটি স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাসসহ কয়েকটি হলে চলছে।

পিনিকঅ্যাকশন-থ্রিলার সিনেমা পিনিক। আদর আজাদ ও বুবলীকে জুটি করে সিনেমাটি নির্মাণ করেছেন জাহিদ জুয়েল। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাসসহ কয়েকটি হলে চলছে।

অফিসার ও তছনছঈদের দুটি সিনেমা পরিচালনা করেছেন চিত্রপরিচালক বদিউল আলম খোকন। এর মধ্যে অফিসার সিনেমায় অভিনয় করেছেন ডি এ তায়েব, মাহিয়া মাহি। সিনেমাটি স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাসহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে।তছনছ সিনেমায় অভিনয় করেছেন ববি ও মুন্না খান। সিনেমাটি ১০টির মতো একক সিনেমা হলে দেখা যাচ্ছে।

তরুণ দর্শক বেশি

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ জানান, এবার ঈদের সিনেমা দেখতে তরুণ দর্শকের উপস্থিতি আলাদাভাবে নজর কেড়েছে। অনেকে পরিবার নিয়ে সিনেমা দেখতে এসেছেন। প্রবীণ দর্শকও দেখা গেছে।

মেজবাহ উদ্দিন আহমেদের ভাষ্য, এবার ঈদের একেক সিনেমা একেক রকম। ফলে নানা শ্রেণির দর্শক ভিড় করছেন। ফলে কমবেশি সব সিনেমাই দেখছেন দর্শক।গতকাল ঈদের ছুটি শেষ হয়েছে। অনেকে গ্রাম থেকে ঢাকায় ফিরেছেন। এই সপ্তাহে দর্শকের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করছেন তিনি।

মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আগের বছরগুলোতেও দেখা গেছে, ছুটি শেষে দর্শকসংখ্যা বেড়েছে। এবারও সেই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।’