কারওয়ান বাজার মোড়ে ‘অবস্থান’ মুঠোফোন ব্যবসায়ীদের, পুলিশের লাঠিপেটা
কয়েক দফা দাবিতে আজ রোববার রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করে ‘অবস্থান কর্মসূচি’ পালন শুরু করে মুঠোফোন ব্যবসায়ীরা। জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা করে মুঠোফোন ব্যবসায়ীদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদ, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে রাজধানীতে আজ (রোববার) পরিবারসহ অবস্থান কর্মসূচির ঘোষণা গতকাল শনিবার দেয় মুঠোফোন ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। একই সঙ্গে সংগঠনটি অনির্দিষ্টকালের জন্য দেশের সব মোবাইলের দোকান বন্ধ রাখার ঘোষণা দেয়।
আজ সকাল সাড়ে ১০টার দিকে কারওয়ান বাজার মোড় অবরোধ করে ‘অবস্থান কর্মসূচি’ শুরু করেন মুঠোফোন ব্যবসায়ীরা। তাঁরা সড়কে বসে পড়েন। নানা স্লোগান দিতে থাকেন।
বেলা সাড়ে ১১টার দিকে মুঠোফোন ব্যবসায়ীদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।
মুঠোফোন ব্যবসায়ীদের একটি অংশ দুপুর ১২টার দিকে আবার সড়কে এসে বসে পড়ে।
এ সময় পুলিশ প্রথম জলকামান ব্যবহার করে। পরে লাঠিপেটা করে। সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। কয়েকজনকে আটকও করে পুলিশ।
তেজগাঁও থানা-পুলিশের পক্ষ থেকে প্রথম আলোকে বলা হয়, মুঠোফোন ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়। কয়েকজন আটক করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘আমরা এনইআইআরের পক্ষে। তবে এই ব্যবস্থায় কিছু সংস্কার দরকার। আমরা অনেকবার আমাদের দাবি কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু তারা শুনছে না। মানছে না। তাই আজ সড়কে অবস্থান কর্মসূচি শুরু করি। কেন আমাদের লাঠিপেটা করল পুলিশ?’