জীবনযাপন

খেতে বসামাত্র পাকিস্তানি সেনারা হামলা চালায়

December 11, 2025
10 months ago
By SAJ
খেতে বসামাত্র পাকিস্তানি সেনারা হামলা চালায়

সংগ্রহকারী: আবীর হাসান জোয়ার্দ্দার, ষষ্ঠ শ্রেণি (স্মৃতিকথা সংগ্রহের সময়), আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা

বর্ণনাকারী: মো. সিরাজুল ইসলাম (প্রয়াত), শ্রীরামপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা

সংগ্রহকারী ও বর্ণনাকারীর সম্পর্ক: ভাতিজা–চাচা

১৯৭১ সাল। এক রাতে বাড়ি থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিলাম। তখন পবিত্র রমজান মাস। মা সাহ্‌রি করার জন্য ডাকতে গিয়ে আমাকে আর পেলেন না। যুদ্ধে গিয়ে এক বাড়িতে আশ্রয় নিই।

তারপর সেখান থেকে চলে যাই মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ কেন্দ্রে। আমরা ছিলাম গেরিলা যোদ্ধা। তখন খাওয়াদাওয়ার খুব কষ্ট ছিল। কখনো কখনো গাছের কাঁচা লাউ চিবিয়ে খেতাম।

এদিকে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার কারণে আমার দুই চাচাসহ বাবাকে ধরে নিয়ে যায় হানাদার বাহিনী। তাঁদের অনেক মারধর করে, তবে জানে বেঁচে যান তাঁরা।এক রাতে এক সঙ্গীকে নিয়ে একটা বাড়িতে খেতে যাই।

সেই বাড়িতে ছিলেন এক বৃদ্ধার মা ও তাঁর মেয়ে। মেয়েটির বাবা ছিলেন না, ছিলেন এক ভাই। তিনিও ছিলেন মুক্তিযোদ্ধা, কিন্তু সে রাতে সেই বাড়িতে আর খাওয়া হয়নি।

খেতে বসামাত্র পাকিস্তানি সেনারা ওই বাড়িতে হামলা করে। কোনোরকমে বাড়ির পেছনে আশ্রয় নিই। কিন্তু বৃদ্ধার মেয়েটিকে আর রক্ষা করতে পারিনি আমরা।

একদিন যুদ্ধ করতে করতে আমাদের গোলাবারুদ ফুরিয়ে যায়। পাকিস্তানি সেনারা সংখ্যায় ছিল অনেক। সঙ্গীরা পিছু হটলেও আমি তখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছিলাম।

হঠাৎ পেছনে তাকিয়ে দেখি, কেউ নেই। তখন হামাগুড়ি দিয়ে পিছু হটি। তাতে মারাত্মক আহত হই, কিন্তু খোদার ইচ্ছায় প্রাণে বেঁচে যাই।