বাংলাদেশ

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

June 11, 2026
12 hours ago
By SAJ
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে নগরের ময়লাপোতা মোড়ের কাছে ১৭ তলা হাসপাতাল ভবনের নিচতলায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা পর রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আগুন লাগার পর হাসপাতালের বিভিন্ন তলায় রোগী ও তাদের স্বজনেরা আটকা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধারে কাজ করেন। উদ্ধার হওয়া হাসপাতালের কয়েকজন কর্মী জানান, নবম ও দশম তলাসহ ওপরের তলাগুলোতে থাকা আইসিইউ ও কেবিনের রোগীরা নিরাপদে রয়েছেন। তবে ধোঁয়া ছড়িয়ে পড়ায় হাসপাতালজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। অনেক রোগীকে নিরাপত্তার স্বার্থে বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের নিচতলায় থাকা জেনারেটর কক্ষের দিক থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে অল্প সময়ের মধ্যেই ধোঁয়া ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে রোগী, স্বজন ও কর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং অনেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতাল এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করেন।

খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম বলেন, রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে সম্পূর্ণ নির্বাপনে এখনো কাজ চলছে। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এর আগে ফায়ার সার্ভিসের খুলনার উপপরিচালক মাসুদ সরদার প্রথম আলোকে বলেছিলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ শুরু করে। আগুন বেজমেন্টের মধ্যে আছে; উপরে ওঠে নাই।