বাংলাদেশ

মডেল রিধিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

August 16, 2026
3 days ago
By SAJ
মডেল রিধিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় হাফিজুর রহমান নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, আত্মহত্যায় প্ররোচনার মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ওসি মাজহারুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছিলেন, গতকাল সকালে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল ছয়টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা।

পুলিশ জানিয়েছে, রিধির পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, এক ব্যক্তির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। গতকাল ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থায় রিধি আত্মহত্যা করেন।

এ ঘটনায় রিধিকা রিধির মা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা করেন।